টেক্কা দিতে আসছে গুগল-হুউপকে! মাত্র ৬৯৯৯ টাকায় লঞ্চ হল তাক লাগানো স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ড

স্মার্টওয়াচের ভিড় কমিয়ে বর্তমানে স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ডের প্রতি আগ্রহ বাড়ছে প্রযুক্তিপ্রেমীদের। এতদিন বাজারে Whoop বা আসন্ন Google Fitbit Air-এর মতো ডিভাইসগুলি এই সেগমেন্টে রাজত্ব করলেও, তাদের উচ্চ বার্ষিক সাবস্ক্রিপশন ফি বা পরিষেবা মূল্য অনেক ব্যবহারকারীকেই ভাবাতো। সেই জায়গাতেই বড় চমক নিয়ে এল প্রযুক্তি ব্র্যান্ড Urban। সংস্থার পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে একেবারে নতুন স্ক্রিনলেস ফিটনেস ডিভাইস— Urban Arc Note। এই গ্যাজেটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এর জন্য প্রতি বছর কোনো বাধ্যতামূলক সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
ডিভাইসটির দাম রাখা হয়েছে ৬৯৯৯ টাকা। আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৬ থেকে এর মূল বিক্রি শুরু হলেও, ৩১ অগাস্ট অর্থাৎ আজ থেকেই এর অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা আগে থেকেই বুকিং করবেন তাঁরা ১০০০ টাকার বিশেষ ছাড় পাবেন, ফলে মাত্র ৫৯৯৯ টাকাতেই ডিভাইসটি হাতে পাওয়া যাবে। সংস্থার অনলাইন প্ল্যাটফর্ম, জনপ্রিয় ই-কমার্স সাইট এবং বিভিন্ন রিটেল স্টোরে এটি উপলব্ধ হবে।
Urban Arc Note-এর আকর্ষণীয় ফিচারসমূহ:
এআই ট্রান্সক্রিপশন: রেকর্ড করা কথপোকথন বা মিটিংয়ের আলোচনাকে এটি মুহূর্তে সার্চেবল টেক্সট ফরম্যাটে রূপান্তরিত করতে পারে।
লাইভ ট্রান্সলেশন: ১৭টিরও বেশি ভারতীয় আঞ্চলিক ভাষার কথোপকথন লাইভ অনুবাদ করার ক্ষমতা রয়েছে এই ডিভাইসে।
অটো মাইন্ড ম্যাপ: জটিল আলাপচারিতা বা মিটিংয়ের সারাংশ থেকে এটি খুব সহজেই সহজবোধ্য টেক্সট এবং মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে পারে।
বিল্ট-ইন মাইক্রোফোন: কেবল ফিটনেস ট্র্যাক করাই নয়, এর ভেতরে থাকা উন্নত মাইক্রোফোন যেকোনো গুরুত্বপূর্ণ কথা রেকর্ড করতে সক্ষম।
স্বাস্থ্য সচেতনতা: ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে হার্ট রেট মনিটরিং, SpO₂, স্লিপ ট্র্যাকিং এবং অন্যান্য জরুরি হেল্থ মেট্রিক্স ট্র্যাক করার সুবিধা তো থাকছেই।
সংস্থার কো-ফাউন্ডার আশিস কুম্বতের মতে, ওয়ারেবল টেকনোলজিতে এখন বড় পরিবর্তন এসেছে। কেবল স্টেপ কাউন্ট করার দিন শেষ। দৈনন্দিন জীবনের নানা জটিল কাজ এবং নোটস তৈরির মতো প্রয়োজনীয় বিষয়গুলোকে মাথায় রেখেই এই নতুন ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফলে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারের অভিজ্ঞতা পেতে এই গ্যাজেটটি তরুণ প্রজন্মের নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে।