ভারতে আসছে দেশের প্রথম মেগা AI হাব, বিশাখাপত্তনমে $১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল-এয়ারটেল!

প্রযুক্তি ক্ষেত্রে ভারতের এক বিশাল অগ্রগতির পথে আরও এক ধাপ বাড়ল। এবার দেশের প্রথম মেগা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব গড়ে উঠতে চলেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। টেক জায়ান্ট গুগল (Google) এবং ভারতী এয়ারটেলের (Bharti Airtel) যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভারত জুড়ে এআই-এর গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করে তোলা। সেই সঙ্গে, গুগলের সম্পূর্ণ এআই-স্ট্যাক এবং গ্রাহক পরিষেবাকে দেশের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া।
গুগলের বিশাল বিনিয়োগ ও পরিকল্পনা
গুগল ঘোষণা করেছে যে, তারা বিশাখাপত্তনমে এই এআই ডেটা সেন্টারের জন্য পাঁচ বছরের মধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি ভারতে গুগলের অন্যতম বড় বিনিয়োগ হতে চলেছে।
বিশ্বের বৃহত্তম হাব: এআই পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক নেটওয়ার্ক সহ এই ডেটা সেন্টার ক্যাম্পাসটি আধুনিকরূপে তৈরি করা হবে। প্রথম পর্যায়ে, এক গিগাওয়াট ক্ষমতার একটি ক্যাম্পাস তৈরি করা হবে। এটি আমেরিকার বাইরে গুগলের অধীনে থাকা সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে।
পার্টনারশিপ: এয়ারটেল এবং আদানি-কোনেক্স-এর মতো ইকোসিস্টেম পার্টনারদের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে।
শুল্ক আরোপ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও গুগলের এই বিশাল বিনিয়োগের ঘোষণা ভারতের প্রযুক্তিক্ষেত্রে আস্থার প্রতীক।
এআই-তে ভারতের ভবিষ্যৎ
মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বীরা ভারতে ডেটা সেন্টারের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। ওপেনএআই-ও এই দেশে অফিস খোলার কথা ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে গুগলের এই বিশাল বিনিয়োগ নিশ্চিতভাবে প্রযুক্তি ক্ষেত্রে ভারতের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলবে।
কর্মসংস্থান: এই বিনিয়োগগুলি পরিষ্কার ইঙ্গিত দেয় যে, প্রযুক্তিক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল এবং এর ফলে অনেক কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
বিশাল বাজার: গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ভারতকে একটি ক্রমবর্ধমান বাজার হিসেবে দেখছে। ইউটিউবের সবচেয়ে বেশি গ্রাহক এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সর্বাধিক ব্যবহারকারী ভারতেই রয়েছে। এআই সহ অন্যান্য ক্ষেত্রেও ভারতীয় বাজার বিশ্বব্যাপী টেক জায়ান্টদের জন্য বিশাল সম্ভাবনার পথ খুলে দিয়েছে।