ভারতের ষষ্ঠ পূর্ণ সাক্ষর রাজ্য উত্তরাখণ্ড: নজির গড়ল পাহাড়ের দেশ!

উত্তরাখণ্ড রাজ্যের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ এবং ‘ULLAS’ প্রকল্পের আওতায় উত্তরাখণ্ড ভারতের ষষ্ঠ ‘পূর্ণ সাক্ষর’ রাজ্য হিসেবে স্বীকৃতি পেল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নির্ধারিত বয়স্ক সাক্ষরতার সমস্ত মানদণ্ড পূরণ করে রাজ্যটি এই মাইলফলক স্পর্শ করেছে। বর্তমানে উত্তরাখণ্ডের সাক্ষরতার হার ৯৮ শতাংশের বেশি।
মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং সিকিমের পর উত্তরাখণ্ড এই অভিজাত তালিকায় নিজের জায়গা করে নিল। এই সাফল্যে রাজ্যের রাজ্যপাল লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং রাজ্যের পূর্ণ সাক্ষরতার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই অর্জনকে রাজ্যের জন্য এক ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “সরকারের নিরলস প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না।” মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য পূরণে এই সম্মিলিত প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, সরকারের আগামী লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে ডিজিটাল সাক্ষরতা, আর্থিক শিক্ষা এবং উন্নত জীবন দক্ষতার সুযোগ পৌঁছে দেওয়া। এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা উত্তরাখণ্ড।