ভারতের বুকে ‘এন্ট্রি’ নিল টেসলা! মুম্বইতে মাস্কের প্রথম শোরুম

অবশেষে ভারতীয় গাড়ির বাজারে দীর্ঘ প্রতীক্ষিত প্রবেশ ঘটালো মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা (Tesla)। সোমবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-তে ৪ হাজার স্কোয়ার ফুটের একটি চোখ ধাঁধানো শোরুম উদ্বোধন করেছে ইলন মাস্কের এই আলোচিত কোম্পানি। এটিই ভারতে টেসলার প্রথম পদক্ষেপ, যা দেশের ইলেকট্রিক গাড়ির ভবিষৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উচ্চ ভাড়া, আরও শোরুমের পরিকল্পনা
প্রাথমিকভাবে মুম্বইতে যাত্রা শুরু করলেও, টেসলার পরিকল্পনা রয়েছে দিল্লি-সহ দেশের আরও কয়েকটি মেট্রো শহরে শোরুম খোলার। তবে সেই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মুম্বইয়ের এই বিলাসবহুল শোরুমের জন্য টেসলার মাসিক ভাড়া ৩৫ লক্ষ টাকা। এই উচ্চ ভাড়ার বিষয়টিই ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় বাজারে টেসলার উচ্চাকাঙ্ক্ষা কতটা!

শোরুমে ‘মডেল ওয়াই’-এর ঝলক: ফিচার্স ও চমক
বিকেসি-র নতুন এই শোরুমের প্রধান আকর্ষণ টেসলার জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’ (Model Y)। উদ্বোধনের জন্য সাংহাই থেকে ৬টি ‘মডেল ওয়াই’ গাড়ি আমদানি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই গাড়ির ছবি ভাইরাল হয়েছে, যেখানে ফ্ল্যাটবেড ট্রাকে করে গাড়িগুলো শোরুমে তোলার দৃশ্য দেখা গেছে।

ভারতীয় বাজারে ‘মডেল ওয়াই’-এর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে: লং রেঞ্জ আরডব্লিউডি (Long Range RWD) এবং লং রেঞ্জ এডব্লিউডি (Long Range AWD)। গাড়িগুলো ডার্ক গ্রে রঙে এবং ব্ল্যাক অ্যালয় হুইল সহ পাওয়া যাবে। ভেতরের অংশে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়াল টোন কেবিন, ১৫.৪ ইঞ্চির বড় টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, ভয়েস কমান্ড, ইন্টারনেট কানেক্টিভিটি এবং অ্যাপের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণের মতো অত্যাধুনিক ফিচার।

দাম এবং শুল্কের প্যাঁচ: মাস্কের অসন্তোষ বনাম ভারত সরকারের অবস্থান
ভারতের বাজারে টেসলা ‘মডেল ওয়াই’-এর এক্স-শোরুম মূল্য ধার্য করা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা। তবে এটি সম্পূর্ণভাবে আমদানি করা গাড়ি (CBU), ফলে এর ওপর উচ্চ হারে আমদানি শুল্ক প্রযোজ্য। বর্তমানে ভারতে সম্পূর্ণ আমদানি গাড়ির ওপর ৭০% থেকে ১০০% পর্যন্ত শুল্ক বসে।

এই উচ্চ শুল্ক নিয়ে টেসলা সিইও ইলন মাস্ক বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, এত বেশি শুল্কের কারণে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার গড়ে তোলা কঠিন। কিন্তু ভারত সরকার তাদের অবস্থানে অনড়। সরকারের স্পষ্ট বক্তব্য, স্থানীয় উৎপাদনের জন্য প্রতিশ্রুতি না থাকলে শুল্ক কমানো হবে না। উল্লেখ্য, টেসলা এখনও পর্যন্ত ভারতে কোনও উৎপাদন ইউনিট বা অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।