ডিইউ-তে ইতিহাস! এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে হস্টেলের আসন, ১২ হাজারেরও বেশি পড়ুয়া পাবে থাকার সুযোগ!

দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)-এর ছাত্রছাত্রীদের জন্য এক দুর্দান্ত সুখবর। দেশের অন্যতম শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানে খুব শীঘ্রই হস্টেল বা আবাসন সুবিধার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের নিজস্ব হস্টেল মিলিয়ে মোট আসন সংখ্যা বেড়ে সরাসরি ১২,৭৫৪-তে পৌঁছাতে চলেছে। ঢাকা কমপ্লেক্সসহ একাধিক নতুন হস্টেল প্রকল্পের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে, যা আগামী মাসগুলিতেই পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে।
হস্টেলের পরিসংখ্যানে বিশাল লাফ
ডিইউ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০০ বছরে বিশ্ববিদ্যালয় স্তরে মোট হস্টেল আসন সংখ্যা ছিল ৩,৪২২। এর সঙ্গে নতুন ৩,৯২২টি আসন যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়াতে চলেছে ৭,৩,৪৪-এ। একইভাবে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন কলেজে বিগত শতাব্দীতে মোট ৩,৭৮৮টি আসন ছিল, যেখানে নতুন ১,৬২২টি আসন যুক্ত হয়ে কলেজের নিজস্ব আসন সংখ্যা পৌঁছাচ্ছে ৫,৪১০-এ। সব মিলিয়ে ডিইউ এবং এর অধীনস্থ কলেজগুলিতে খুব শীঘ্রই মোট ১২,৭৫৪ জন পড়ুয়ার জন্য হস্টেলের পাকা ব্যবস্থা হতে চলেছে।
কোথায় কোথায় চলছে নতুন নির্মাণ?
ঢাকা কমপ্লেক্স: এই চত্বরে ১৪৫০ আসনের একটি বিশাল আইওই (IOE) হস্টেলের নির্মাণকাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং তা শীঘ্রই সম্পন্ন হতে চলেছে।
নিভর্য়া রেসিডেন্সিয়াল ও স্টুডিও অ্যাপার্টমেন্ট: ছাত্রীদের জন্য বিশেষভাবে ১০০০ আসনের ‘নির্ভয়া রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন’ এবং ১০৫০ আসনের আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্টের কাজও বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে।
কলেজগুলোর জন্য প্রশাসনের নতুন নির্দেশিকা
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত কলেজের প্রিন্সিপালদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নিজ নিজ কলেজের হস্টেল সুবিধা খতিয়ে দেখেন। পাশাপাশি, যেসব কলেজে হস্টেল নির্মাণাধীন রয়েছে, সেগুলির কাজ দ্রুত শেষ করার এবং নতুন হস্টেল তৈরির নতুন সম্ভাবনা ও জায়গা খোঁজার জন্যেও বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। আগামী দিনে হস্টেল সংক্রান্ত আরও নতুন নতুন প্রকল্প সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।