‘ভাতা দেওয়া সম্ভব নয়’, মেয়রের ঘোষণায় ক্ষোভ বাড়ছে পুরসভার কর্মীদের মধ্যে, পুজোয় কি পরিষেবা ব্যাহত হবে?

পুজোর মুখে কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পরিশ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। যদিও গত মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম তাদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুজোর সময় অতিরিক্ত ভাতা বাড়ানো সম্ভব নয়।
মেয়র ফিরহাদ হাকিমের এই ঘোষণার পর প্রায় ৪০০ জন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, ২০১৯ সালে তাদের নিয়োগের সময় প্রতিদিন ৫০০ টাকা ভাতা দেওয়া হত। কিন্তু ২০২১ সাল থেকে সেই ভাতা কমে মাত্র ১০০ টাকায় দাঁড়িয়েছে, অথচ কাজের চাপ আগের তুলনায় অনেকটাই বেড়েছে।
পুরসভা সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম অনুযায়ীই তাদের বেতন ও ভাতা নির্ধারিত হয়। তাই সেই নিয়ম ভেঙে অতিরিক্ত ভাতা দেওয়া সম্ভব নয়।
মেয়রের এই সিদ্ধান্তে আন্দোলনরত কর্মীরা শান্ত হননি। তারা জানিয়েছেন, পুজোর মধ্যে জরুরি স্বাস্থ্য পরিষেবা বন্ধ করবেন না ঠিকই, কিন্তু তাদের দাবি আদায়ের লড়াই তারা চালিয়ে যাবেন। তাদের অভিযোগ, ২০১৯ সালের পর থেকে তাদের ভাতা কমানো হয়েছে, অন্যদিকে কাজের দায়িত্ব বেড়েছে বহুগুণ। কিন্তু এই সমস্যা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই বিক্ষোভ কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।