মোদীর জন্মদিনে বিরাট উদ্যোগ! মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির, কী কী পরিষেবা মিলছে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দিল্লিতে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার’ (Swasth Nari Sashakt Parivar) নামের এই অভিযানের অধীনে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের সুযোগ করে দিচ্ছে। এই শিবিরের মূল উদ্দেশ্য হলো মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
এইমসের সুপারিনটেনডেন্ট ডা. নিরুপম মদন জানিয়েছেন, শিবিরের প্রতি মহিলাদের সাড়া অত্যন্ত ইতিবাচক। কার্যক্রম শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ৩০০ জন মহিলা নিবন্ধন করেছেন এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই বিশেষ স্বাস্থ্য শিবির আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে সাধারণ বহির্বিভাগ (OPD) পরিষেবায় মহিলাদের অংশগ্রহণও বাড়বে। নিবন্ধিত রোগীরা পরবর্তীতে নিয়মিত চিকিৎসা ও ফলো-আপের জন্যও এইমসের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
কী কী পরিষেবা মিলছে?
এই শিবিরে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, যেমন:
সাধারণ শারীরিক পরীক্ষা
গর্ভবতী মহিলাদের জন্য প্রসূতি পরীক্ষা
সংক্রামক ও অসংক্রামক রোগের স্ক্রিনিং
ত্বক ও চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে রক্ত ও অন্যান্য ল্যাবরেটরি পরীক্ষা
দেশজুড়ে একই ধরনের উদ্যোগ
শুধু দিল্লি নয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আগামী ১৫ দিন ধরে রাজ্যজুড়ে ২৬ হাজার স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। এছাড়াও ‘সেবা পাক্ষিক’ কর্মসূচির আওতায় রক্তদান শিবির এবং নতুন লেখকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।