ভাঙড়ে ফের খুনের ছক? নিরাপত্তা নেই, অথচ খুনিরা এলাকায় ঘুরছে— বিস্ফোরক অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম!

বড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। জানা গিয়েছে, শনিবার নিউটাউনের কাছে শাপুর্জি মার্কেটে তিনি দুষ্কৃতীদের হামলার শিকার হতে পারতেন। আরাবুল ইসলামকে ‘খুন’ করার উদ্দেশ্যে কালো স্করপিও গাড়ি চেপে দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করেছিল বলে অভিযোগ।
চা খেতে গিয়েই বিপত্তি
সূত্রের খবর, গত শুক্রবার বিকালে প্রতিদিনের মতো আরাবুল ইসলাম সাপুরজি NKDA মার্কেটে দলীয় সহকর্মীদের সঙ্গে চা খেতে গিয়েছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। তিনি চা খেয়ে গাড়ি নিয়ে সেখান থেকে মাত্র দুই মিনিট বেরিয়ে আসতেই একটি কালো স্করপিও গাড়ি চেপে কয়েকজন দুষ্কৃতী এসে আরাবুলের এক সহকর্মীকে গালিগালাজ করে। তারপর তারা জিজ্ঞেস করে, “আরাবুল কই? তাকে পেলে এখানেই মেরে দিতাম।”
এই খবর পেয়ে তড়িঘড়ি আরাবুল ইসলাম গাজীপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। শনিবার আরাবুল পুত্র হাকিমুল ইসলাম নিউটাউনের টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
“খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল আনা হয়েছে”
প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলাম নিজেই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনো সময় আমার মেরে দিতে পারে।”
নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার কোনো নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল, কিন্তু বর্তমানে নেই।” উল্লেখ্য, বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ ওঠায় এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে।
আরাবুল ইসলামের উপরে এর আগেও একাধিক হামলা হয়েছে এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি বারবার নিরাপত্তা চেয়ে দরবার করলেও পাননি। এদিন তাঁর এই অভিযোগ আবারও ভাঙড়ের রাজনৈতিক অস্থিরতাকে সামনে নিয়ে এল।