জাস্টিন বিবারের স্মৃতি অতীত! দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন সেলেনা গোমেজ, দেখুন রূপকথার সেই ছবি!

বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ অবশেষে এক নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারার মাত্র নয় মাসের মাথায় তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পরিণতি পেল নতুন পরিচয়ে—নবদম্পতি।
২৮ সেপ্টেম্বর, রবিবার সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন এবং সেই অনুষ্ঠানের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি বিশেষ তারিখ উল্লেখ করেছেন—‘৯-২৭-২৫’। ছবিতে দেখা যায় নবদম্পতি চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ, যেন রূপকথার রাজ্যের রাজা-রাজকন্যা। পোস্টে বেনি ব্লাঙ্কো মন্তব্যে লিখেছেন, “আমার স্ত্রী।”
রাল্ফ লরেন পোশাকে মনোমুগ্ধকর সাজ
বিয়ের সাজে সেলেনা ছিলেন মনোমুগ্ধকর—সাদা গাউনে, ফুলের কারুকাজে। বেনি ছিলেন কালো টাক্সিডো ও বো-টাই-এ। দুজনের পোশাকই তৈরি করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড রাল্ফ লরেন।
এই নতুন জীবনের রোমান্টিক মুহূর্তে তাঁদের অনুরাগীরা ও সহকর্মীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। সেলেনার এই পোস্টে মাত্র তিন ঘণ্টার মধ্যে ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে।
বিয়ের আয়োজন ছিল তারকাবহুল ও সুপরিকল্পিত। ইভেন্টের পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস। অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে রুমের ভাড়া ছিল প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি। সেলেনা ও বেনির পরিবার, বিশ্বস্ত বন্ধু এবং সহকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাস্টিন বিবার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্ক
সেলেনার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে ফ্যানদের কৌতূহল জন্মিয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের কারণে বহুবার সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান করার পর সেলেনা সাময়িকভাবে আহত হলেও, পরবর্তীতে নিজের কাজ ও সঙ্গীতের প্রতি মনোযোগী হন।
২০১৯ সালে একটি গানকে কেন্দ্র করে সেলেনা বেনি ব্লাঙ্কোর সঙ্গে পরিচিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে তাদের প্রেমের বিষয়টি জানান এবং তাঁদের পাঁচ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল বিবাহবন্ধনে।