ভাইরাল হলো ‘ম্যান অফ দ্য ম্যাচ’ মমতার দুর্লভ ছবি! ট্রোলিং শুরু হতেই পাল্টা দিলেন কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের শুরুর দিকের এক অজানা ক্রিকেট ম্যাচের ছবি নতুন করে ভাইরাল হলো নেটপাড়ায়। প্রথম বিশ্বকাপজয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh) রাজ্য ও সিএবি-র (CAB) পক্ষ থেকে সংবর্ধনা জানানোর মঞ্চে মুখ্যমন্ত্রী তাঁর ক্রীড়াপ্রেমের কথা তুলে ধরতেই এই স্মৃতি ফিরে এলো।

ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিকে এই অজানা ক্রিকেট ম্যাচের কাহিনি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সেই ম্যাচে মমতা ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন, যা রাজ্যের মহিলা ক্রিকেটারদের আরও উদ্বুদ্ধ করবে।

ভাইরাল ছবি: বছর পাঁচেক আগে প্রাক্তন সাংসদ আলভা মার্গেটের পুত্র নিবেদিত মার্গেট সেই ম্যাচের একটি দুর্লভ ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন।

ছবিতে মমতা: ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বাকি সাংসদদের সঙ্গেই মাঠে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরনে সাদা শাড়ি, মাথায় টুপি। বিনুনি বাঁধা চুল আর বুকে নীল-সাদা ব্যাজ।

মুখ্যমন্ত্রী নিজেও ১৯৯১ সালে প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও-এর অধীনে যুব এবং ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনের কথা স্মরণ করেন। এই সময় তিনি পিটি ঊষা এবং বুলা চৌধুরীর মতো অ্যাথলেটদের নানা অজানা কাহিনিও তুলে ধরেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্রিকেট ম্যাচের ছবি নতুন করে ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রোলিং। এই নিয়ে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ তীব্র প্রতিবাদ করেছেন।

কুণাল ঘোষের পোস্ট: সেই ম্যাচের ছবিগুলি পোস্ট করে তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “১৯৮৬-র MP ক্রিকেট ম্যাচের সেরা যদি ২০২৫-এও বলেন খেলা হবে, তাহলে জয় তো শুধু সময়ের অপেক্ষা বটেই। ট্রোল রে কী হবে? নিজেরা বার্নল লাগাও আর জয় বাংলা বলো।”

কুণাল ঘোষের এই বার্তা স্পষ্ট করে দেয় যে এই ধরনের ব্যক্তিগত আক্রমণকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় শাসক দল। বরং খেলাধুলার প্রতি মুখ্যমন্ত্রীর পুরোনো অঙ্গীকারকেই তাঁরা সামনে আনছেন।