ভরা বাজারে স্ত্রীকে গুলি করে খুন! উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

যোগীরাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এবার প্রকাশ্যে এলো এক নৃশংস ঘটনা। ভরা বাজারে স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী কেন্দ্র এবং এখানকার মন্দিরের প্রধান সেবাইতও তিনি। আর সেখানেই বুধবার সন্ধ্যায় এমন হাড়হিম করা ঘটনা ঘটল।

জানা গেছে, ভরা বাজারে সকলের সামনেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। তবে বিস্তারিত তদন্তের পরেই আসল কারণ জানা যাবে।

এই ঘটনার পর থেকে গোরক্ষপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।