ভয়ে নয়, রাগে! কালো গোখরোর মুখে পাল্টা কামড় কৃষকের, প্রাণে বাঁচলেন নাকি বিপদ দ্বিগুণ? চাঞ্চল্য হারদোইয়ে

মানুষকে সাপের কামড়ে প্রাণহানির খবর নিত্যনৈমিত্তিক হলেও, এবার সাপের কামড়ের জবাবে মানুষই সাপকে কামড়ে দিল—এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটল উত্তর প্রদেশের হারদোই জেলায়। জেলার তাদিয়াওয়ান থানার অন্তর্গত পুষ্পতালি গ্রামে ২৮ বছর বয়সী কৃষক পুণিত রাগের বশে এক কালো গোখরোর ফণায় কামড় বসিয়ে দেন।

ঘটনাটি ঘটে পুণিতের ধানক্ষেতে। তিনি জানান, মাঠে কাজ করার সময় একটি কালো গোখরো সাপ তাঁর পায়ে জড়িয়ে কামড় দেয়। তীব্র যন্ত্রণায় আতঙ্কিত না হয়ে বরং রাগে ফেটে পড়েন পুণিত। তিনি সাপটিকে ধরে তার ফণায় কামড় বসিয়ে দেন। স্থানীয়দের মতে, কৃষকের কামড়ের জেরে সাপটি ঘটনাস্থলেই মারা যায়।

হাসপাতালে ভর্তি, চিকিৎসা ও সতর্কতা:

পরিবারের সদস্যরা পুণিতকে দ্রুত হারদোই মেডিকেল কলেজে নিয়ে যান। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শের সিং জানান, রাত বারোটার দিকে পুণিতকে ভর্তি করা হয় এবং প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছিল এটি কিং কোবরা। সৌভাগ্যবশত, অ্যান্টিভেনম প্রয়োগের পর তাঁর অবস্থা স্থিতিশীল হয় এবং পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসক সতর্ক করেছেন যে এই ধরনের প্রতিক্রিয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারত। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে পাল্টা কামড় দেওয়া কোনোভাবেই সমাধান নয়, এতে বিপদ দ্বিগুণ হতে পারত। উত্তর প্রদেশের গ্রামাঞ্চলে সাপের কামড় সাধারণ ঘটনা হলেও, পুণিতের এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এখন গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।