সেনা ছাউনিতে ধরা পড়ল বাংলাদেশি পরিচয়পত্র! SIR আবহে চাঞ্চল্য, নড়েচড়ে বসেছে গোয়েন্দা মহল!

বাগডোগরার কাছে বেঙডুবি সেনা ক্যান্টনমেন্টে লেবার সুপারভাইজার পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জওয়ানরা। বুধবার এই ঘটনা ঘটে। ধৃত ব্যক্তির ফোনে বাংলাদেশি পরিচয়পত্র দেখতে পাওয়ার পরেই জওয়ানরা তাঁকে আটক করেন। বর্তমানে SIR (Special Integrated Revision) আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুধু চাঞ্চল্যই নয়, গুপ্তচরবৃত্তিরও অভিযোগ উঠতে শুরু করেছে।

কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?
ধৃতের নাম নন্দ মণ্ডল, যিনি আর্মি ক্যাম্পের নির্মাণকাজের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন। ঘটনার দিন ক্যাম্পে ঢোকার সময় তাঁর নথি চেক করছিলেন এক জওয়ান। সেই সময় নন্দ মণ্ডল ফোন থেকে ভারতের পরিচয়পত্র বের করছিলেন। সেই মুহূর্তেই ওই ব্যক্তির ফোনের স্ক্রিনে বাংলাদেশের মুন্সিগঞ্জের ঠিকানাধারী একটি পরিচয়পত্র চোখে পড়ে যায় জওয়ানের। সঙ্গে সঙ্গে তাঁকে জেরা শুরু হয়।

নন্দ মণ্ডলের দাবি, তিনি জলপাইগুড়ির বাসিন্দা। তবে সেনা সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নন্দ মণ্ডল স্বীকার করেছেন যে তিনি এক সময় বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

গোয়েন্দা মহলে উদ্বেগ ও নজরদারি বৃদ্ধি
এমন পূর্বপরিচয় থাকা সত্ত্বেও একজন ব্যক্তি কীভাবে সেনা ছাউনির মতো সংবেদনশীল জায়গায় কাজ পেলেন, সেই নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর ১০ মে, এই বেঙডুবি এলাকা থেকেই এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মী হওয়ার অভিযোগ উঠেছিল।

একই সেনা ছাউনির কাছে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার একজন বাংলাদেশি নাগরিক গ্রেফতারির পর গোয়েন্দা মহল নড়েচড়ে বসেছে। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন সেনা ক্যাম্প এবং বৃহত্তর শিলিগুড়ি করিডরের চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।