ভয়াবহ! পুলিশকে লক্ষ্য করেই মুড়ি-মুড়কির ছোড়া হল বোমা, আহত ৩ পুলিশকর্মী, ভর্তি হাসপাতালে

মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় এবার পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার মতো গুরুতর ঘটনা ঘটল। স্থানীয় দুই প্রতিবেশীর মধ্যে বচসার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাদের উপর ব্যাপক বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে ফরাক্কার একটি এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, পুলিশকে দেখেই একদল দুষ্কৃতকারী তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে। বোমার আঘাতে তিন পুলিশকর্মী আহত হন। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো বোমাবাজির চিহ্ন ছড়িয়ে আছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনায় পুলিশ প্রথমে দু’জনকে এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। ফরাক্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় টহল দিচ্ছে। কোথা থেকে এই বোমাগুলো এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য। তিনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা যারা দেয়, তারাই আক্রান্ত হচ্ছে। মানুষ বিচার পাচ্ছে না বলেই এই অবস্থা তৈরি হচ্ছে। এই ধরনের ঘটনা বন্ধ না হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হবে এবং প্রয়োজনে সেনা নামানোর দরকার পড়তে পারে।”
এই ঘটনা আবারও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।