রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে উত্তাপ বাড়ছে ডায়মন্ড হারবারে। একদিকে যখন বাইক নিয়ে কমিশনের কড়া বিধিনিষেধ কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে, ঠিক তখনই বাইক বাহিনীর ‘দাপট’-এর বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এনেছে স্বয়ং নির্বাচন কমিশন। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল বাইক আরোহী ভোটারদের হুমকি দিয়ে বলছে, “ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন!” এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন। পুলিশ ও নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আজকের মধ্যেই এই ধরণের হুমকি বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশন আদালতে যুক্তি দিয়েছিল যে, বাইক বাহিনীর মাধ্যমেই অপরাধীরা সহজেই নাকা চেকিং এড়িয়ে অপরাধ ঘটিয়ে চম্পট দেয়। বিশেষ করে বাইকের পিছনে বসা আরোহীদের মাধ্যমেই ভোটার বা প্রার্থীদের হুমকির ঘটনা বেশি ঘটে। যদিও কলকাতা হাইকোর্ট কমিশনের ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞার নিয়ম বদলে দিয়েছে। আদালতের রায় অনুযায়ী, ভোটের ২ দিন আগে নয়, বরং ভোট শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে থেকে বাইকে দু’জন সওয়ার হওয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে আপদকালীন চিকিৎসা বা স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
আইনি লড়াইয়ের মাঝেই ডায়মন্ড হারবারের এই ভিডিওটি কমিশনের আশঙ্কাকে আরও জোরালো করেছে। সিসিটিভি ক্যামেরা বাড়ানো এবং অতিরিক্ত সাঁজোয়া গাড়ি আনার পাশাপাশি এখন বাইক বাহিনীর রাশ টানাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। ভোটারদের ভয়মুক্ত করতে ওই এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।





