ভয়ঙ্কর কাণ্ড, ১৫ দিনের শিশুকে ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়লেন মা, শেষে যা ঘটল…

১৫ দিনের শিশুসন্তানকে ফ্রিজের ভেতর রেখে ঘুমিয়ে পড়লেন মা! এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। তবে শিশুটির ভাগ্য ভালো, তার কান্নার শব্দ শুনে ঠাকুমা দ্রুত তাকে উদ্ধার করেন। জানা গেছে, শিশুটির ২৩ বছর বয়সী মা প্রসব পরবর্তী মানসিক সমস্যায় ভুগছেন।

ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের জব্বর কলোনিতে। গত ৫ সেপ্টেম্বর দুপুরে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে শান্ত করতে না পেরে মা তাকে নিয়ে রান্নাঘরে চলে যান। এরপর ফ্রিজের ভেতরে শিশুটিকে রেখে তিনি নিজে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন।

ভাগ্যক্রমে বেঁচে গেল শিশুটি
ফ্রিজের ভেতর থেকে শিশুটির তীব্র কান্নার শব্দে তার ঠাকুমার ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত রান্নাঘরে গিয়ে দেখেন, নাতি ফ্রিজের ভেতরে রাখা আছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে বের করে এনে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটির কোনো ক্ষতি হয়নি।

কেন এমন করলেন মা?
পরিবারের সদস্যরা ওই তরুণীর কাছে জানতে চাইলে তিনি শান্তভাবে জানান, “ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না, তাই ওকে ফ্রিজের ভেতরে রেখে এসেছিলাম।” এমন নির্লিপ্ত উত্তরে পরিবারের সদস্যরা চমকে যান। প্রথমে তারা মনে করেন, কোনো অশুভ শক্তি ভর করেছে। এমনকি এক তান্ত্রিকের কাছেও তাকে নিয়ে যাওয়া হয়। তবে তাতেও কোনো লাভ না হওয়ায় এক আত্মীয়ের পরামর্শে তাকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক পরীক্ষা করে জানান, ওই তরুণী ‘পোস্টপার্টাম সাইকোসিস’ বা প্রসব পরবর্তী মানসিক সমস্যায় ভুগছেন। এই সমস্যায় অনেক মা-ই বাস্তবজ্ঞান হারিয়ে ফেলেন। এর ফলে মা ও শিশু দুজনের জীবনই ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকের মতে, এই সমস্যা হলে মায়েরা কাল্পনিক পরিস্থিতির শিকার হন, মেজাজ খিটখিটে হয়ে যায়, এবং সন্তান বা নিজের ক্ষতি করার প্রবণতা দেখা যায়।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সন্তান প্রসবের পর মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া কতটা জরুরি।