বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আগামিকাল, ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। সকাল ১১টা নাগাদ এই মেগা অনুষ্ঠানকে ঘিরে তিলোত্তমা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দিল্লিতে হেভিওয়েট নেতারা ইতিমধ্যেই কলকাতায় পা রাখতে শুরু করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলেই শহরে পৌঁছে গিয়েছেন, আর আগামিকাল সকালে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র মারফত জানা গিয়েছে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই; একে এক জাতীয় রূপ দিতে কোমর বেঁধে নেমেছে বিজেপি নেতৃত্ব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার কথা বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ শীর্ষ নেতৃত্বও হাজির থাকবেন মঞ্চে। তবে রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন এখন একটাই— কে হতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? আজ বিকেলেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখান থেকেই চূড়ান্ত নাম সিলমোহর পেতে পারে।
এদিকে, ব্রিগেডের প্রস্তুতিতে প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। গতকালের প্রবল বৃষ্টিতে গোটা মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়ায় এবং জল জমে যাওয়ায় চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছিল আয়োজকদের। তবে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মূল রাস্তা থেকে মঞ্চ পর্যন্ত যাতায়াতের জন্য কংক্রিটের ইট ও বালি বিছিয়ে দ্রুত অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। জেসিবি দিয়ে কাদা ও জল সাফ করার কাজ চলছে অবিরাম। সাধারণ মানুষের বসার জন্য বিশাল সব অস্থায়ী হ্যাঙার তৈরি করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের পাশাপাশি এসপিজি (SPG) গোটা এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে শ্রমিক ও পুলিশ কর্মী ছাড়া কাউকেই মাঠের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে একাধিক সুবিশাল হ্যাঙার। একেবারে সামনের দিকের হ্যাঙারে তৈরি হচ্ছে মূল রাজকীয় মঞ্চ। সেখানে অতিথিদের প্রবেশ পথ থেকে শুরু করে বিধায়কদের বসার জায়গা— সবটাই শেষ মুহূর্তে খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এক কথায়, ২৫ বৈশাখের সকালে ব্রিগেড থেকে এক নতুন রাজনৈতিক সূর্যোদয় দেখতে মুখিয়ে আছে গোটা দেশ।





