বয়স বাড়লেও কমবে না ত্বকের জেল্লা! মাত্র এই একটা বদলেই ফিরে পাবেন রূপ?

আজকের প্রতিযোগিতাপূর্ণ ও ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুমানোর সময় কারোরই যেন আর হয়ে ওঠে না। কায়িক পরিশ্রম কিংবা মানসিক চাপের কারণে রাতের পর রাত জেগে কাজ করা এখন আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই ঘুম না হওয়ার অভ্যাসটি নীরবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে আপনার ত্বকের সৌন্দর্য?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘুম কেবল ক্লান্তি দূর করে শরীর ও মনকে চাঙ্গা করতেই সাহায্য করে না, এটি ত্বকের স্বাস্থ্যের সঙ্গেও ওতোপ্রোতভাবে জড়িত। সারাদিন কাজের ফাঁকে ধুলোবালি, রোদ এবং দূষণের কারণে আমাদের ত্বক যে ক্ষতির মুখোমুখি হয়, তা পুষিয়ে নিতে রাতের পর্যাপ্ত ঘুম একান্ত জরুরি।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন শরীরের রক্তপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে ত্বকের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ সহজ হয়। পাশাপাশি, এই সময়ে শরীর প্রাকৃতিকভাবে কোলাজেন তৈরি করে, যা ত্বককে টানটান, শক্তিশালী এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে।

উল্টোদিকে, দীর্ঘদিন ধরে অনিদ্রা বা কম ঘুমানোর সমস্যা লেগেই থাকলে তার স্পষ্ট নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে চেহারায়। চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল, মুখের ফোলাভাব এবং ত্বক অনুজ্জ্বল ও নিষ্প্রাণ হয়ে ওঠার মতো লক্ষণগুলো প্রকাশ পায়। এমনকি বয়স বাড়ার আগেই মুখে বলিরেখা ফুটিয়ে তুলতে বড় ভূমিকা রাখে এই ঘুমের অভাব।

তাই ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে এবং অকালেই বয়সের ছাপ দূর করতে প্রতিদিন অন্তত সাত থেকে নয় ঘণ্টা গভীর ও মানসম্মত ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জীবনযাত্রার এই সামান্য পরিবর্তনই আপনার ত্বককে রাখতে পারে সতেজ, তরুণ ও স্বাস্থ্যোজ্জ্বল।