ব্রিকসে ভারতের বিরাট কূটনৈতিক জয়! আমেরিকার বিরোধিতা ভুলে কীভাবে এক হলো ইরান ও আরব আমিরশাহি?

ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই এক অনন্য কূটনৈতিক সাফল্যের দেখা পেল ভারত। ইরান এবং আরব আমিরশাহির মতো দুই বিপরীত মেরুর দেশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই কৌশলগত সাফল্যকে বড় প্রাপ্তি বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বর্তমান সংঘাতের সরাসরি অংশীদার হিসেবে ইরান বরাবরই চেয়েছিল ব্রিকস জোটের পক্ষ থেকে স্পষ্ট ও কড়া আমেরিকা-বিরোধী অবস্থান নেওয়া হোক। অন্যদিকে, আরব আমিরশাহি আমেরিকার অন্যতম ঘনিষ্ট মিত্র হওয়ায় মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো প্রস্তাব মেনে নিতে তীব্র আপত্তি জানায়। দুই দেশের এই অনমনীয় অবস্থানের ফলে যৌথ ঘোষণাপত্র তৈরি নিয়ে বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষকেই সমঝোতার টেবিলে এনে একটি সুষম এবং সর্বসম্মত ঘোষণাপত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে ভারত। আন্তর্জাতিক রাজনীতিতে একে নয়াদিল্লির অত্যন্ত বড় ও তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।