ব্রিকস সম্মেলনে ভারতের বড় কূটনৈতিক জয়! পহেলগাঁও হামলা নিয়ে কড়া বার্তায় সিলমোহর মোদীর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের দ্বিচারিতা চলবে না। ব্রিকস শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিল সদস্য দেশগুলি। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের পাশাপাশি সীমান্তপারের সন্ত্রাস এবং জঙ্গিদের অর্থ জোগানের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের ডাক দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া ওই জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি সরাসরি বড় আঘাত বলে উল্লেখ করা হয়েছে। ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে স্পষ্ট জানানো হয়েছে, সন্ত্রাসবাদকে কোনো ধর্ম, জাতি বা রাজনৈতিক সুবিধার সঙ্গে যুক্ত করা উচিত নয়।

সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানান, সন্ত্রাস দমনের বিষয়টি কোনো বিশেষ সুবিধা পাওয়ার কৌশল হতে পারে না, এটি একটি স্পষ্ট নীতি হওয়া উচিত। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশগুলিকে এর জন্য কড়া মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাশাপাশি, রাষ্ট্রসংঘের কাঠামোর মধ্যে সমন্বিত আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থা দ্রুত রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতের এই কূটনৈতিক অবস্থান ব্রিকস মঞ্চে আরও বেশি জোরালো হলো বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।