প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI যেমন আশীর্বাদ, ঠিক তেমনই এটি এখন সাধারণ মানুষের জন্য বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার স্মার্টফোন থেকে শুরু করে অফিসের গোপন নথিপত্র—সবই এখন হ্যাকারদের নিশানায়। সম্প্রতি ভারতের জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি ‘CERT-In’ (Indian Computer Emergency Response Team) এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করে দেশবাসীকে সতর্ক করেছে।
AI-ই এখন হ্যাকারদের ব্রহ্মাস্ত্র!
CERT-In তাদের ‘Defending Against Frontier AI Driven Cyber Risks’ শীর্ষক নোটিফিকেশনে জানিয়েছে, আগে যে হ্যাকিংয়ের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হতো, এখন AI-এর মাধ্যমে তা মুহূর্তের মধ্যে করা সম্ভব হচ্ছে। ফলে অভিজ্ঞ হ্যাকার তো বটেই, এমনকি অল্প জ্ঞানসম্পন্ন জালিয়াতরাও এখন বড়সড় সাইবার হামলা চালাতে সক্ষম।
যেভাবে আপনার ক্ষতি হতে পারে:
জিরো ডে ভালনারেবিলিটি: AI সিস্টেম এখন কয়েক লক্ষ সফটওয়্যার কোড নিমিষেই বিশ্লেষণ করতে পারে। এর ফলে সফটওয়্যারের গোপন ত্রুটি বা ‘Zero Day Vulnerabilities’ খুঁজে বের করে হ্যাকাররা সহজেই আপনার সিস্টেমে ঢুকে পড়ছে।
নিখুঁত ফিশিং অ্যাটাক: জালিয়াতির জন্য এখন আর ভাঙা-চোরা ভাষা নয়, বরং AI ব্যবহার করে নিখুঁত ইমেইল, মেসেজ এমনকি আপনার পরিচিত ব্যক্তির মতো হুবহু ভয়েস এবং ভিডিও (Deepfake) তৈরি করা হচ্ছে। যা দেখে সাধারণ মানুষের পক্ষে প্রতারণা ধরা প্রায় অসম্ভব।
ইনফ্রাস্ট্রাকচার ব্রেক: ক্লাউড সার্ভিস থেকে শুরু করে এন্টারপ্রাইজ সিস্টেম—ইন্টারনেটের সঙ্গে যুক্ত যেকোনো পরিকাঠামো এখন হ্যাকারদের নাগালে।
নিরাপদ থাকতে কী করবেন? (CERT-In-এর দাওয়াই)
কেন্দ্রীয় সংস্থাটি সাধারণ ব্যবহারকারী এবং বিশেষ করে MSME (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ব্যবসায়ীদের জন্য কিছু জরুরি পরামর্শ দিয়েছে:
১. জিরো ট্রাস্ট পদ্ধতি (Zero Trust Approach): আপনার সিস্টেমের প্রতিটি লগইন বা অ্যাক্সেস রিকোয়েস্টকে ডিফল্টভাবে ‘অবিশ্বাস্য’ হিসেবে গণ্য করুন। সঠিক পরিচয় বা ক্রেডিশনাল যাচাই না করে কাউকে অ্যাক্সেস দেবেন না। ২. অটোমেটিক আপডেট: স্মার্টফোন বা কম্পিউটারের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সবসময় অটোমেটিক আপডেট মোডে রাখুন। ৩. মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA): শুধুমাত্র পাসওয়ার্ডে ভরসা না করে টু-স্টেপ ভেরিফিকেশন বা বায়োমেট্রিক সুরক্ষা নিশ্চিত করুন। ৪. ইমেইল ফিল্টারিং: ফিশিং সাইট বা সন্দেহজনক লিঙ্ক আটকাতে উন্নত ইমেইল ফিল্টারিং ব্যবস্থা ব্যবহার করুন।
বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা যখন আধুনিক হচ্ছে, তখন আমাদেরও সুরক্ষার বিষয়ে কয়েক ধাপ এগিয়ে থাকতে হবে। সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় ধরনের আর্থিক ক্ষতি বা তথ্য চুরি। তাই আজই আপনার ডিভাইসের সিকিউরিটি সেটিংস একবার যাচাই করে নিন।





