‘বোমা হামলা অবিলম্বে বন্ধ হোক’, ‘ট্রাম্পের হুঁশিয়ারি অগ্রাহ্য! গাজা সিটিতেই প্রাণ গেল ৪৫ ফিলিস্তিনির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই শনিবার ইজরায়েলি বিমান হামলায় গাজায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবর অনুযায়ী, নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতজন শিশু রয়েছে।
এই হামলা এমন সময়ে ঘটল যখন হামাস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার কথা জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের প্রতি ‘অবিলম্বে বোমা হামলা বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন।
ইজরায়েলের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু গাজা সিটিতেই সবথেকে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার তথ্যানুসারে, স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে শুধুমাত্র গাজা সিটিতেই ৪৫ জন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইজরায়েলি হামলা প্রায় ১০ লাখের বেশি গাজাবাসীকে এলাকা ছেড়ে দক্ষিণ গাজার দিকে যেতে বাধ্য করেছে।
আল-তুফ্ফাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোরও ক্ষতি হয়েছে। অন্যদিকে, ইজরায়েলি সেনারা ফিলিস্তিনিদের যে এলাকায় সরে যেতে বলেছিল, দক্ষিণ গাজার আল-মাওয়াসি বাস্তুচ্যুত ক্যাম্পে হামলা চালানো হয়, যাতে দুই শিশু নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছে।
এদিকে, ট্রাম্প অস্থায়ীভাবে বোমা হামলা বন্ধ করে পণবন্দীদের মুক্তি দেওয়ার সুযোগ দেওয়ায় ইজরায়েলের প্রশংসা করেছেন। তবে তিনি হামাসকে সতর্ক করে বলেছেন, দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় “সমস্ত বাজি বাতিল” বলে গণ্য হবে।
ট্রাম্প বলেছেন, “আমি প্রশংসা করি যে পণবন্দী মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে ইজরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে। হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সমস্ত বাজি বাতিল হবে। আমি বিলম্ব বরদাস্ত করব না, যা অনেকে মনে করছেন হতে পারে, অথবা এমন কোনো ফল যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়ায়। চলুন, দ্রুত কাজটা শেষ করি। সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।”
পরে তিনি জানান, ইজরায়েল ইতিমধ্যেই একটি প্রাথমিক “প্রত্যাহার রেখা” নির্দেশ করেছে। ট্রাম্প লিখেছেন, “যখন হামাস নিশ্চিত করবে, যুদ্ধবিরতি তাৎক্ষণিক কার্যকর হবে, পণবন্দী ও বন্দী বিনিময় শুরু হবে এবং আমরা প্রত্যাহারের পরবর্তী পর্যায়ের জন্য পরিস্থিতি তৈরি করব।”
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ট্রাম্প পণবন্দী মুক্তি এবং বন্দী বিনিময়ের বিশদ জানতে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে মিশরে পাঠাচ্ছেন। আল জাজিরা জানিয়েছে, সোমবার হামাস এবং ইজরায়েলের প্রতিনিধিদলও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই আলোচনায় যোগ দেবে।
হামাস ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশে সম্মতি দিয়েছে, যেমন গাজা থেকে ইজরায়েলের সেনা প্রত্যাহার এবং ইজরায়েলি পণবন্দীদের বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি। তবে, এই গোষ্ঠী মার্কিন প্রস্তাবে একটি কেন্দ্রীয় দাবি—অস্ত্র ত্যাগ—গ্রহণ করবে কিনা, তা এখনও স্পষ্ট করেনি।