বোনাস শেয়ারের পর পতঞ্জলির শেয়ারের দাম কমে দাঁড়াল ৫৯৫ টাকা!

সম্প্রতি বোনাস শেয়ার ঘোষণার পর পতঞ্জলি ফুডস লিমিটেডের (Patanjali Foods Ltd.) শেয়ারের দাম এক ধাক্কায় কমে প্রতি শেয়ারে ৫৯৫ টাকা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবারই সংস্থাটি ২:১ অনুপাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে অতিরিক্ত শেয়ার দিয়েছে। এর ফলে, কোনো বিনিয়োগকারীর কাছে যদি আগে ১০০টি শেয়ার থাকে, এখন তার শেয়ারের পরিমাণ বেড়ে ৩০০টিতে দাঁড়িয়েছে।

চলতি বছরের ১৭ই জুলাই পতঞ্জলি এই বোনাস শেয়ারের ঘোষণা করেছিল। সংস্থা জানিয়েছিল, যে বিনিয়োগকারীরা ১১ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের শেয়ার ধারণ করবেন বা কিনবেন, শুধুমাত্র তারাই এই বোনাস শেয়ারের সুবিধা পাবেন। এর পরে যারা কিনবেন, তারা এর থেকে লাভবান হবেন না।

সংস্থা সূত্রে জানা গেছে, বর্তমানে সাধারণ জনগণের কাছে পতঞ্জলির মোট শেয়ারের ৩১ শতাংশ রয়েছে। বোনাস শেয়ার দেওয়ার পর সংস্থার মোট শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ কোটি, যার মধ্যে ৭২ কোটিরও বেশি হলো বোনাস শেয়ার। এই শেয়ারের মালিক শুধু খুচরো বিনিয়োগকারীরাই নন, ভারতের সবচেয়ে বিশ্বস্ত সংস্থা এলআইসি (LIC)-ও পতঞ্জলির শেয়ারে বিনিয়োগ করেছে। এলআইসি-র কাছে পতঞ্জলির ৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে।