উৎসবের আমেজেও বিরাম নেই রাজনৈতিক লড়াইয়ে। বিধানসভা ভোটের প্রথম দফার রণদামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করল তৃণমূল ও বিজেপি। বুধবার পয়লা বৈশাখের দিনই উত্তরবঙ্গের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আজ শিলিগুড়ি এবং মালে পর পর দু’টি মেগা রোড শো করবেন তিনি। নববর্ষের দিন জনসংযোগের এই মাস্টারস্ট্রোক উত্তরবঙ্গের ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।
অন্যদিকে, পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিনভর ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। লেবং থেকে তুফানগঞ্জ—বিজেপির হাইভোল্টেজ প্রচার ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। একদিকে যখন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির রাস্তায় হেঁটে সাধারণ মানুষের আশীর্বাদ চাইবেন, ঠিক তখনই শাহের একাধিক জনসভা তৃণমূলের দুর্গে হানা দেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে। উল্লেখ্য, গতকালই নববর্ষের আগে জেলা সফর সেরেছেন মমতা। আজ নতুন বছরের প্রথম দিনেই উত্তরবঙ্গ জয়ের সংকল্প নিয়ে ফের ময়দানে তিনি। ভোটযুদ্ধের এই টানটান উত্তেজনায় আজ কার পাল্লা ভারী থাকে, নজর থাকবে সেদিকেই।





