বৈধ ভোটারের নাম বাদ গেলেই মহাপ্রতিবাদ! ২৬-এর আগে বাংলায় SIR-এর দিনক্ষণ, উত্তপ্ত রাজ্য রাজনীতি

২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। ২৮ অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে এই প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই ফের শিরোনামে বাংলার প্রসঙ্গ।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিহারের মতো করে বাংলায় এসআইআর হবে না।” এবার দিনক্ষণ ঘোষণার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) রীতিমতো হুঁশিয়ারি দিলেন।

কমিশনকে কুণাল ঘোষের চরম হুঁশিয়ারি

সোমবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজ্যের কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে অভিযান হবে। এক লক্ষ কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।”

কুণাল ঘোষ আরও বলেন, “যদি দেখা যায়, মানুষকে হয়রান করার চেষ্টা হচ্ছে, তাহলে আইন মেনে প্রতিবাদ হবে।” তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রশাসনও সবটা খতিয়ে দেখছে। তৃণমূল নেতার এই হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে।

বিজেপি প্ররোচনা দিতে পারে, সতর্ক করলেন কুণাল

এসআইআর নিয়ে বিজেপির ভূমিকার কথা উল্লেখ করে কুণাল ঘোষ দলের কর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, “বিজেপি এসআইআর নিয়ে উসকানিমূলক মন্তব্য করতে পারে। উত্তেজিত হয়ে, মাথা গরম করে কোনওরকম প্ররোচনায় পা দেবেন না কেউ।”

এসআইআর কী এবং কোথায় শুরু হচ্ছে?

মঙ্গলবার থেকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হচ্ছে। এটি দ্বিতীয় দফায় চালু হচ্ছে পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সোমবার এক সাংবাদিক বৈঠকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এসআইআরের মূল উদ্দেশ্য হল প্রত্যেক যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া।

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, এবং উত্তরপ্রদেশে এই সমীক্ষা শুরু হচ্ছে।