“বেশি চিকেন না পেয়ে বন্ধুর হাতে বন্ধু খুন!”-ডিনার পার্টিতে ঘটলো ভয়াবহ ঘটনা

বিয়ের নৈশভোজে সামান্য এক টুকরো চিকেন বেশি চাওয়াকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি এবং শেষ পর্যন্ত বন্ধুকে খুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল কর্ণাটকের বেলাগাভি জেলায়। সম্প্রতি নববিবাহিত অভিষেক কোপ্পাড় তাঁর বিয়ের ডিনার পার্টির আয়োজন করেছিলেন, সেখানেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম বিনোদ, এবং অভিযোগের তির তাঁরই বন্ধু ভিত্তালের দিকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চিকেনের পরিমাণ নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে ক্ষিপ্ত ভিত্তাল বিনোদের উপর ছুরি দিয়ে হামলা চালায় এবং তার পেটে গুরুতর আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিনোদ এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
একজন তদন্তকারী কর্মকর্তা জানান, “খাবার টেবিলে বসার পরই ঝামেলার সূত্রপাত। একজন খাবার পরিবেশন করছিলেন। ভিত্তাল বেশি চিকেন চেয়েছিল, কিন্তু অভিযোগ উঠেছে তাকে কম দিয়ে বিনোদকে বেশি দেওয়া হয়। তখনই দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়ে। তারা দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল। হঠাৎ হাতের কাছে থাকা ছুরি দিয়ে ভিত্তাল বিনোদের উপর হামলা চালায়। বিনোদের পাকস্থলীতে ছুরি মারা হয়, এবং ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে।”
বেলাগাঁওয়ের পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ এই ঘটনা সম্পর্কে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। চিকেনের পিস নিয়ে বিবাদ শুরু হয়েছিল, তারপরই এই খুন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খাবার বা সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে গুরুতর হামলার ঘটনা সামনে আসছে। প্রায় একই রকম একটি ঘটনা কেরলের কোল্লামে দেখা গেছে, যেখানে এক রেস্তোরাঁর কর্মচারী পরোটা পরিবেশন করতে অস্বীকার করায় দুজন ব্যক্তি তাকে মারধর করে। চলতি মাসের শুরুতেও বেঙ্গালুরুর এক ক্যাফেতে অতিরিক্ত কাপ দিতে অস্বীকার করায় চারজন ব্যক্তি একজনকে নির্মমভাবে মারধর করেছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলি সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার চিত্র তুলে ধরছে।