বেকার যুবকদের মাসে ২৫০০ টাকা দিচ্ছে সরকার? সোশ্যাল মিডিয়ার ভাইরাল মেসেজ নিয়ে বড় সতর্কবার্তা পিআইবি-র

বেকার যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কেন্দ্র সরকার প্রতি মাসে ২৫০০ টাকা করে ‘বেকার ভাতা’ দিচ্ছে— এমন একটি দাবি সম্বলিত ভিডিও ও মেসেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এই ধরনের মেসেজ দেখে বহু বেকার যুবক-যুবতী বিভ্রান্ত হলেও, এবার এই ভুয়া স্কিম বা জালিয়াতি নিয়ে কড়া সতর্কবার্তা দিল কেন্দ্র সরকার।

কী বলা হচ্ছে ভাইরাল পোস্টে?
সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ওই সংক্ষিপ্ত ভিডিও বা পোস্টে দাবি করা হচ্ছে যে, বেকারদের জন্য বিশেষ আর্থিক সহায়তা হিসেবে কেন্দ্র সরকার ২৫০০ টাকা করে দিচ্ছে। আবেদন করার জন্য একটি লিঙ্কের কথাও বলা হচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সেই সমস্ত পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও ব্যবহার করা হয়েছে, যাতে সেটিকে আসল সরকারি প্রকল্প বলে ভুল হয়।

পিআইবি (PIB Fact Check) কী জানাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো খবর ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারের তথ্য যাচাইকারী শাখা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB Fact Check) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো স্কিম বা প্রকল্প চালু করা হয়নি। এটি সম্পূর্ণ একটি প্রতারণা চক্রের কারসাজি। দেশবাসীকে এই ধরনের বিভ্রান্তিকর ফাঁদে পা না দেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রতারকদের থেকে বাঁচতে কী করবেন?
কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে:

এই ধরনের কোনো অজানা বা সন্দেহজনক পোস্ট বা মেসেজ পেলে তা সম্পূর্ণ এড়িয়ে চলুন।

কোনো মেসেজ বা লিঙ্কে ক্লিক করে ভুলেও নিজের গোপন ব্যাঙ্কিং বিবরণ, আধার কার্ড বা প্যান কার্ডের তথ্য দেবেন না।

যেকোনো সরকারি প্রকল্পের আসল সত্যতা জানতে সবসময় সরকারি ওয়েবসাইট myscheme.gov.in-এ গিয়ে খোঁজ নিন।

যদি এই ধরনের কোনো সন্দেহজনক মেসেজ বা ছবি আপনার নজরে আসে, তবে তা সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি @PIBFactCheck-এ পাঠাতে পারেন। এছাড়া +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা factcheck@pib.gov.in ইমেল আইডিতেও অভিযোগ বা তথ্য জানতে যোগাযোগ করা যেতে পারে।