কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ‘হাত খরচ’ পাবেন। ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ঘোষণা হওয়ার পর থেকেই ব্লক স্তরে ক্যাম্প করে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
অনেকেই আবেদন করলেও এখনও টাকা না পাওয়ায় কিছুটা উদ্বেগে ছিলেন। শুক্রবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে সেই দুশ্চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী জানান, “যুবসাথীও আমরা সবাইকে দিচ্ছি। কিছু প্রসেস চলছে, যারা বাকি আছেন তারা খুব দ্রুত অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।” তিনি স্পষ্ট করে দেন যে, এটি কোনো স্থায়ী ‘বেকার ভাতা’ নয়, বরং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুবকদের হাত খরচের জন্য এই সহায়তা। রাজ্যের প্রায় ১ কোটি যুবক এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন।