বুথ লেভেল অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে বাধা নেই, হাইকোর্টের নির্দেশ বহাল

পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজে বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই। সোমবার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত (BLO) প্রাথমিক শিক্ষকদের একাংশের দায়ের করা মামলায় নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিচারপতির পর্যবেক্ষণ ও নির্দেশ:

বিচারপতি সিনহা তাঁর পর্যবেক্ষণে বলেছেন, “আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজের কথা আছে। গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে এই কাজ করুন। এখনও পর্যন্ত কী কাজ সেটা নির্ধারণ করা হয়নি। মামলাকারীরা আগে থেকেই ধরে নিচ্ছেন হোল টাইম কাজ করতে হবে তাদের!” একই সাথে বিচারপতির প্রশ্ন ছিল, “রবিবার কাজ করতে অসুবিধা কোথায়?”

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন যে, ৪ অক্টোবর, ২০২২ তারিখে দেওয়া নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও (BLO) নিযুক্তকরণ এবং কাজের বন্টন করতে হবে। প্রাথমিক শিক্ষকদের বিএলও (BLO)-এর কাজ দিতে হবে ছুটির দিন বা নন-টিচিং সময়ে। এছাড়াও, সবথেকে কম কর্মী হিসেবে প্রাথমিক শিক্ষকদের বিএলও (BLO) পদে নিযুক্ত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাকারী শিক্ষকদের আইনজীবীর বক্তব্য:

এদিন আদালতে মামলার শুনানিতে মামলাকারী শিক্ষকদের পক্ষের আইনজীবী সুবীর স্যানাল বলেন, “মামলাকারীরা সবাই প্রাথমিক শিক্ষক। তাদের ডিউটি ডোর টু ডোর যাওয়া, বিশেষ ক্যাম্পেনিং ইত্যাদি। এটা প্রতিদিনের কাজ, কোনো ছুটির দিনের কাজ এটা নয়। স্কুলের কাজ করতে হবে না এটাও বলা হয়নি। কত দিন কাজ করতে হবে সেটার স্পষ্ট উল্লেখ নেই। ইলেকটোরাল রোল রিভিশন করার কথা বলা হয়েছে। নবদ্বীপ, বামনগাছি ইত্যাদি জায়গায় ৯০ শতাংশ শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের সময়ের বাইরে ছুটির দিন কাজ করার কথা বলা হচ্ছে। ক্ষমতা আছে বলেই কি চাপিয়ে দিতে পারে কমিশন?”

নির্বাচন কমিশনের আইনজীবীর বক্তব্য:

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, “বুথ লেভেল অফিসার বাড়িতে গিয়ে তথ্য নিয়ে আসেন। কমিশন একা সিদ্ধান্ত নেয় না, স্কুল কর্তৃপক্ষের সায় নিয়ে কাজ করে। সবাইকে ডাকা হবে এমন নয়। এই প্রথমবার নির্বাচনের ছয় মাস আগে ড্রাফট তৈরি হচ্ছে। একজন শিক্ষক আছেন এমন স্কুলের শিক্ষককে কাজ দেওয়া হচ্ছে না।”

এদিন শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা আপাতত নির্বাচন কমিশনের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করবেন না বলে জানিয়ে মামলার নিষ্পত্তি করে দিয়েছেন। এর ফলে, রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করার পথ পরিষ্কার হলো।