বিহার ভোটে AI-এর বাড়াবাড়ি চলবে না! ‘ডিপফেক’ ভিডিও তৈরি নিয়ে রাজনৈতিক দলগুলিকে কমিশনের কড়া নির্দেশ

আগামী মাসেই বিহারে বিধানসভা ভোট। এর আগে সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে তৈরি ভুয়ো এবং বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে এবার সক্রিয় হলো নির্বাচন কমিশন (ECI)। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার স্বার্থে সমস্ত রাজনৈতিক দলের কাছে বিশেষ আবেদন জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, রাজনৈতিক দলগুলিকে প্রতিদ্বন্দ্বী দল অথবা প্রার্থীদের উদ্দেশ্য করে AI ভিডিও তৈরির জন্য অবশ্যই আদর্শ আচরণবিধি (MCC) এবং প্রাসঙ্গিক নির্দেশিকা মেনে চলতে হবে।
নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে কমিশনের স্পষ্ট বার্তা— সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে তথ্য বিকৃত করে অথবা ভুল তথ্য প্রচার করে এমন ভুয়ো বিষয় থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই বিকৃত না হয়, তা নিশ্চিত করার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। কোনো দল বা প্রার্থী যদি নির্দেশিকা লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।