বিশ্বকে পথ দেখাবে ভারত! এবার সেনায় আসছে দুনিয়ার প্রথম ‘র‍্যামজেট’ চালিত দূরপাল্লার আর্টিলারি শেল

প্রতিরক্ষা প্রযুক্তিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। আইআইটি মাদ্রাজ এবং ভারতীয় সেনার যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে বিশ্বের প্রথম ১৫৫ মিমি ‘র‍্যামজেট’ চালিত আর্টিলারি শেল। এই যুগান্তকারী আবিষ্কারের ফলে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে এই বিশেষ প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে চলেছে, যা ভারতীয় সেনার শক্তিকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেবে।

প্রযুক্তির জাদু: র‍্যামজেট হলো একটি ‘এয়ার-ব্রিদিং’ ইঞ্জিন প্রযুক্তি। সাধারণ গোলার তুলনায় এই নতুন শেল ৩০ থেকে ৫০ শতাংশ বেশি দূরত্বে লক্ষ্যভেদে সক্ষম। প্রচলিত গোলা যেখানে নির্দিষ্ট দূরত্বের পর গতি হারায়, সেখানে এই শেল মাঝপথে বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে অতিরিক্ত শক্তি ও গতি সঞ্চার করতে পারে। ফলে লেথালিটি বা প্রাণঘাতী ক্ষমতা বজায় রেখেই এটি অনেক বেশি দূরপাল্লার হামলা চালাতে পারবে।

আত্মনির্ভর ভারতের সাফল্য: ২০১৩ সালের ক্যাগ রিপোর্টে যেখানে গোলাবারুদের তীব্র সংকটের কথা বলা হয়েছিল, আজ এক দশক পর ভারত সেই ছবি বদলে দিয়েছে। এই স্মার্ট শেলগুলো বর্তমানের সব ১৫৫ মিমি আর্টিলারি গানের সঙ্গেই ব্যবহারযোগ্য, যা বিপুল খরচ ও সময় সাশ্রয় করবে। ‘আর্মি টেকনোলজি বোর্ড’-এর সবুজ সংকেত পাওয়ার পর এই প্রকল্প এখন বাস্তবায়নের পথে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই দেশীয় প্রযুক্তি শুধু বিদেশের ওপর নির্ভরতা কমাবে না, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধে ভারতকে বিশ্বমঞ্চে চালকের আসনে বসাবে।