‘শিক্ষকরা গুনবেন রাস্তার কুকুর?’ ভাইরাল দাবি ঘিরে তোলপাড় দিল্লি, বড় পদক্ষেপ শিক্ষা দফতরের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘স্কুলশিক্ষকদের দিয়ে কুকুর গণনা’ (Teachers Counting Dogs) সংক্রান্ত দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করে দিল দিল্লি শিক্ষা দফতর। এই অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে এবার সরাসরি সিভিল লাইনস থানায় লিখিত অভিযোগ দায়ের করল দিল্লি ডিরেক্টরেট অফ এডুকেশন। ভুয়ো তথ্য ছড়িয়ে দফতরের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
শিক্ষা দফতরের ডিরেক্টর বেদিথা রেড্ডি স্পষ্ট জানিয়েছেন, “শিক্ষকদের কুকুর গণনার কাজ দেওয়ার কোনো নির্দেশিকা কখনও জারি করা হয়নি। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।” জানা গিয়েছে, গত ২০ নভেম্বর জারি হওয়া একটি সার্কুলারের ভুল ব্যাখ্যা থেকেই এই বিতর্কের সূত্রপাত। আদতে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল চত্বরে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছিল। সেখানে শিক্ষকদের কোনো ভূমিকা ছিল না। অথচ কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজেদের শিক্ষক পরিচয় দিয়ে এই নিয়ে ভুয়ো ভিডিও ও রিল বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পুলিশ ইতিমধ্যেই এই ডিজিটাল জালিয়াতির উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে।