বিশেষ: দুর্গার আগমন শুভ হলেও গমন ‘অশুভ’ ইঙ্গিত! বিজয়া দশমীতে কী বলছে পঞ্জিকা?

দেখতে দেখতে কেটে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রায় দশটি দিন। মহানবমী পেরিয়ে আজ পড়বে বিজয়া দশমী। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই এটি অশুভ শক্তির বিনাশের পর শুভ শক্তির বিজয় দিবস হিসেবে পালিত হয়। তবে বিজয়া দশমী মানেই বিষাদের সুর, কারণ আজই কৈলাসে ফিরে যাবেন উমা।

বিজয়া দশমীর দিনে প্রতিমা বরণ করার পর মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর শোভাযাত্রা করে দেবী প্রতিমা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। এই দিন থেকেই শুরু হয় বিজয়া উৎসব।

বিজয়া দশমী ২০২৫-এর নির্ঘণ্ট
পঞ্জিকা মতে, এই বছর বিজয়া দশমীর নির্ঘণ্টটি হল:

দশমী তিথি: ১ অক্টোবর, বুধবার দুপুর ২টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে।

বিসর্জন: বিজয়া দশমীর বিহিত পুজো সমাপনান্তে আজ, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিসর্জন প্রশস্তা। অর্থাৎ দশমী তিথি শেষ হওয়ার আগেই বিসর্জনের শুভ কাজ শেষ করার নির্দেশ রয়েছে।

দেবীর আগমন-গমন: অশুভ ইঙ্গিত!
২০২৫ সালের দুর্গাপূজায় দেবী দুর্গার আগমন ও গমন বিশেষ তাৎপর্য বহন করছে:

দেবী দুর্গার আগমন: এই বছর দেবীর আগমন গজে (হাতিতে), যা অত্যন্ত শুভ। এর অর্থ – বসুন্ধরা শস্য-শ্যামলা হবে।

দেবী দুর্গার গমন: দেবীর গমন দোলায়, যা কিন্তু অশুভ ইঙ্গিত দিচ্ছে। পঞ্জিকা মতে, দোলায় গমন মহামারী বা মড়কের প্রতীক।

সুতরাং, এই বছর দেবী দুর্গার আগমন শুভ ফল দিলেও, গমন অশুভ ইঙ্গিত বহন করছে।

পরবর্তী উৎসবের নির্ঘণ্ট
দুর্গাপূজা শেষ হলেও উৎসবের রেশ চলবে আরও বেশ কিছুদিন। জেনে নিন বাঙালির পরবর্তী বড় উৎসবগুলির তারিখ:

লক্ষ্মী পুজো: ৬ অক্টোবর (১৯ আশ্বিন), সোমবার

কালী পুজো: ২০ অক্টোবর (২ কার্ত্তিক), সোমবার

ভাইফোঁটা: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), বৃহস্পতিবার