বিরাট বনাম বাবর: ম্যাচ ফিনিশ নিয়ে মারাত্মক খোঁচা সাংবাদিকের, পালটা তোপ দেগে কী বললেন পাক অধিনায়ক?

বাইশ গজে বিরাট কোহলি বনাম বাবর আজমের দ্বৈরথ নতুন কিছু নয়। কিন্তু মাঠের লড়াই এবার গড়িয়েছে সংবাদ সম্মেলন পর্যন্ত। বিরাট কোহলির সঙ্গে নিজের তুলনা এবং ম্যাচ ফিনিশ করার অক্ষমতা নিয়ে এক সাংবাদিকের সোজাসাপ্টা প্রশ্নে মেজাজ হারালেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম।

ঠিক কী ঘটেছিল? শুক্রবার পিএসএলে হায়দরাবাদ কিংসমেসের বিরুদ্ধে শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পায় বাবরের দল পেশোয়ার জালমি। বাবর নিজে ৩৭ বলে ৪৩ রান করলেও ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। অন্যদিকে, আইপিএলে আরসিবি-র হয়ে ৩৮ বলে ৬৯ রান করে দাপটের সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট কোহলি।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এক পাক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন,

“বিরাট কোহলি আপনার মতোই শট খেলেন, কিন্তু তিনি যেভাবে ধারাবাহিকভাবে ম্যাচ ফিনিশ করেন, আপনি কেন সেটা পারেন না? আপনাদের দুজনকে নিয়ে যে তুলনা চলে, সে বিষয়ে আপনার মত কী?”

বাবরের কড়া জবাব প্রশ্নটি শোনা মাত্রই দৃশ্যত ক্ষুব্ধ হন বাবর। সাংবাদিককে থামিয়ে দিয়ে বেশ চড়া সুরেই তিনি বলেন: “এখানেই এসব তুলনা বন্ধ করুন। এই ভাবনাগুলো নিজের কাছেই রেখে দিন। তুলনা টানা বন্ধ করে এবার এগিয়ে চলুন। আপনার ধারণা ভুল যে আমি ম্যাচ ফিনিশ করতে পারি না।”

সোশ্যাল মিডিয়ায় তোলপাড় বাবরের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভক্তদের একাংশ মনে করছেন, বিরাটের সঙ্গে বারবার তুলনায় বাবর এখন ক্লান্ত ও বিরক্ত।

উল্লেখ্য, হায়দরাবাদকে হারিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে পেশোয়ার জালমি। দলের জয়ে স্বস্তি থাকলেও, কোহলির ছায়ার সঙ্গে লড়াইটা যে বাবরের পিছু ছাড়ছে না, তা এই ঘটনাতেই স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy