বিয়ের পর আধার কার্ডে স্বামীর নাম তুলতে চান? রইল ঘরে বসে পরিবর্তনের সহজ উপায়!

বিয়ের পর অনেক মহিলাই আধার কার্ডে বাবার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করতে চান। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধারে আলাদাভাবে বাবার বা স্বামীর নাম পরিবর্তনের কোনো বাধ্যবাধকতা নেই। সম্পর্কের এই তথ্য মূলত ঠিকানার অংশ হিসেবে ‘C/o’ বা কেয়ার অফ-এর মাধ্যমে যুক্ত করা যায়। আধার কার্ডের মূল নাম পরিবর্তন না করেই খুব সহজে এই কাজটি সম্পন্ন করা সম্ভব।

UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, আধারে ঠিকানা আপডেটের সময় ‘C/o’ অংশে স্বামীর নাম উল্লেখ করা যেতে পারে। অনলাইনের পাশাপাশি নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও এই আবেদন করা সম্ভব।

অনলাইনে কীভাবে আপডেট করবেন অনলাইনে ঠিকানা পরিবর্তন করতে চাইলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল myAadhaar পোর্টালে লগইন করতে হবে। সেখানে আধার-সংক্রান্ত আপডেট পরিষেবা বেছে নিয়ে সঠিক তথ্য ও বৈধ ঠিকানার নথি আপলোড করতে হবে। ফর্ম পূরণের সময় ‘C/o’ অংশে স্বামীর নাম লিখে আবেদন জমা দিতে হবে। তবে জমা দেওয়া নথিগুলো অবশ্যই বৈধ ও যাচাইযোগ্য হতে হবে।

অফলাইন পদ্ধতি ও খরচ অনলাইনে আবেদন করতে সমস্যা হলে নিকটবর্তী আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যাওয়া যেতে পারে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিলে আধারে ঠিকানা আপডেট হয়ে যায়। বর্তমান UIDAI-এর নিয়ম অনুযায়ী, ঠিকানা বা অন্যান্য ডেমোগ্রাফিক তথ্য আপডেট করার জন্য নির্ধারিত ফি দিতে হয়। বায়োমেট্রিক আপডেটের সঙ্গে ডেমোগ্রাফিক আপডেট করা হলে অতিরিক্ত ফি লাগে না।