দাড়ি কেটে জোসেফ স্তালিন হতে চাইলেন পরমব্রত! ‘উইঙ্কল টুইঙ্কল’ মুক্তির মাঝেই ভাইরাল অভিনেতার নতুন লুক

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’ মুক্তির পর থেকেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ছবিতে অন্যতম প্রধান চরিত্র ‘ইন্দ্র সেন’-এর ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংস কুড়োচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পর্দায় পরমব্রত এবং ঋত্বিক চক্রবর্তীর রাজনৈতিক মতাদর্শের লড়াই এই সিনেমার মূল আকর্ষণ। তবে ছবির সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক মজার মন্তব্য করে নতুন শোরগোল ফেলে দিয়েছেন পরমব্রত নিজেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নতুন লুকের ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, মুখের চিরচেনা দাড়ি সম্পূর্ণ কামিয়ে ফেলেছেন তিনি এবং ঠোঁটের ওপর রয়েছে একটি পুরুষ্টু গোঁফ। এই ক্লিন-শেভড লুকের ছবি পোস্ট করে ক্যাপশনে পরমব্রত রসিকতা করে লিখেছেন, অনেক দিন পর দাড়ি কেটে তাঁর মনে হচ্ছে ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে জোসেফ স্তালিনের চরিত্রটিও তিনি করতে পারতেন এবং সেটি বেশ একটি ইন্টারেস্টিং ডাবল রোল হতে পারত।

উল্লেখ্য, ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে কমরেড জোসেফ স্তালিনের একটি ছোট অথচ অত্যন্ত প্রভাবশালী চরিত্র রয়েছে, যেখানে অভিনয় করেছেন শিল্পী সন্দীপ ভট্টাচার্য। তাঁর সেই স্বল্প উপস্থিতিই দর্শককে মুগ্ধ করেছে। পরমব্রতের এমন রসবোধ ও ডাবল রোল করার ইচ্ছের কথা প্রকাশ্যে আসতেই মজেছেন তাঁর অনুরাগীরা। ২৪ বছরের পুরোনো নাট্য ইতিহাস যখন বড়পর্দায় সফলভাবে ইতিহাস গড়ছে, তখন পরমের এই রসিকতা ছবির উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।