পেট্রোলের দিন শেষ? ইথানলের ভয় তাড়া করতেই বাজারে বিরাট রেকর্ড, গাড়ি কেনার আগে জানুন বড় সত্যি

২০ শতাংশ ইথানল মিশ্রিত ‘E20’ জ্বালানি নিয়ে দেশজুড়ে জল্পনা ও বিতর্কের মাঝেই ভারতীয় অটোমোবাইল বাজারে ঘটে গেল এক ঐতিহাসিক পরিবর্তন। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডা (FADA)-র প্রকাশিত অগাস্ট মাসের খুচরা বিক্রির তথ্য অনুযায়ী, এই প্রথমবার পেট্রোলচালিত ব্যক্তিগত গাড়ির বিক্রিকে টেক্কা দিয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল (EV), হাইব্রিড এবং সিএনজি বা অন্যান্য বিকল্প জ্বালানির (Alternative Fuel) গাড়ি।
ফাডার তথ্য বলছে, চলতি বছরের অগাস্ট মাসে বিক্রি হওয়া মোট ব্যক্তিগত গাড়ির মধ্যে প্রায় ৪১.৯৫ শতাংশই ছিল বিকল্প জ্বালানি চালিত। অন্যদিকে, সাধারণ পেট্রোল গাড়ির বিক্রির হার নেমে এসেছে ৪০.৮৫ শতাংশে। এক বছর আগেও যেখানে পেট্রোল গাড়ি প্রায় ১১ শতাংশের ব্যবধানে এগিয়ে ছিল, সেই ব্যবধান এক ধাক্কায় মুছে গিয়েছে। শুধু তাই নয়, উৎসবের মাস না হওয়া সত্ত্বেও অগাস্টে ইভি (EV) গাড়ি বিক্রি প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৩ লক্ষের কাছাকাছি পৌঁছেছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, E20 জ্বালানি নিয়ে সাধারণ ক্রেতাদের মনে একধরনের অদৃশ্য আতঙ্ক কাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন যে এই নতুন জ্বালানি ইঞ্জিনের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। আর সেই কারণেই পেট্রোলের ওপর ভরসা না রেখে ক্রেতারা এখন দেদার কিনছেন ইলেকট্রিক বা সিএনজি চালিত পরিবেশবান্ধব গাড়ি। বিশেষ করে তিন চাকার বাণিজ্যিক যানের ক্ষেত্রে তো ইভি-র দাপট একপ্রকার আকাশছোঁয়া, যেখানে পেট্রোলচালিত মডেলের বাজার শেয়ার মাত্র শূন্য দশমিক এক শতাংশেরও কম।