সাইবারাবাদের মিয়াপুর এলাকায় এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইশিতা যাদব (২৬)। বুধবার সন্ধ্যায় নিজের ফ্ল্যাট থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পণের দাবিতে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মৃতার পরিবার, যার ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী নীরজ বনশলকে আটক করেছে।
পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ইশিতা ও মধ্যপ্রদেশের নীরজের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল। গত ২০ ফেব্রুয়ারি তাঁদের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর হায়দরাবাদে কাজ শুরু করেন এই টেক-দম্পতি। তবে অভিযোগ, বিয়ের অল্পদিন পর থেকেই ইশিতার ওপর পণের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিশেষ করে নীরজ নিজের নতুন স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগের জন্য শ্বশুরবাড়ির কাছ থেকে মোটা টাকা দাবি করছিলেন বলে ইশিতার বাবা-মায়ের অভিযোগ। মিয়াপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।





