বিয়ের ঠিক আগে স্থগিতাদেশ! স্মৃতির বাবার অসুস্থতা না কি পলাশের গোপন চ্যাট? ভাইরাল হওয়া স্ক্রিনশট নিয়ে বাড়ছে রহস্য

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বাবা শ্রীনিবাস মান্ধানা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থগিত হয়ে গিয়েছিল স্মৃতি এবং সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্মৃতির পরিবারের একজন সদস্য জানিয়েছেন, “হাসপাতাল ম্যানেজমেন্টের মতে শ্রীনিবাস এখন স্থিতিশীল এবং বিপন্মুক্ত। চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করেছিলেন, তাতে কোনও ব্লকেজ (Blockage) পাওয়া যায়নি। এই খবরে মান্ধানা পরিবারের সকলে বেশ স্বস্তি পেয়েছেন।”
বিয়ে স্থগিতের কারণ কি কেবল বাবার অসুস্থতা?
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ২৩ নভেম্বর হতে চলা সঙ্গীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়েটি বাবার অসুস্থতার জন্যই স্থগিত রাখা হয়েছে। তবে এরপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
গুঞ্জন উঠেছে, পলাশের সঙ্গে নাকি স্মৃতিরই এক বান্ধবীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। আর এই বিষয়টি জানাজানি হতেই পলাশের সঙ্গে স্মৃতির বাবা শ্রীনিবাসের বচসা হয়। চর্চা চলছে—এই বচসার জেরেই কি তিনি অসুস্থ হয়ে পড়েন?
অন্যদিকে, পলাশের মা আবার দাবি করেছেন যে, হবু শ্বশুর শ্রীনিবাস মান্ধানা হাসপাতালে ভর্তি হওয়ার পর পলাশ টানা ৪ ঘণ্টা কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
পলাশ মুচ্ছলের ভাইরাল হওয়া ‘ঘনিষ্ঠ চ্যাট’
নানা রকম জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পলাশ মুচ্ছলের একটি চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। ওই চ্যাটটি নাকি স্মৃতির বন্ধু মেরি ডি কোস্তার সঙ্গে পলাশের।
ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যায়, পলাশ এক মহিলাকে একটি অভিজাত হোটেলে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দেন। তখন ওই মহিলা জানতে চান, স্মৃতির সঙ্গে তাঁর প্রেম চলছে কি না এবং লোকে দেখলে কী বলবে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। জবাবে পলাশ লেখেন, “প্রেম করছি বলে কি তোমার সঙ্গে সাঁতার কাটতে পারি না!”
পলাশ ওই মহিলাকে আরও জানান যে, দূরত্বের কারণে স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্কও এখন আর আগের মতো নেই। একসময় স্মৃতির বিভিন্ন ক্রিকেটীয় সফরে তিনি সঙ্গী হলেও, এখন আর সেটা সেভাবে হয় না।
পুরো ঘটনাটি স্মৃতির বাবার অসুস্থতা এবং বিয়ে স্থগিতের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।