বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নৃশংস হত্যাকাণ্ড! স্বামীকে খুন করে দশ মাস দেহ লুকিয়ে রাখল স্ত্রী-ভাইপো

বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের কানপুরে এক প্রৌঢ়কে নির্মমভাবে খুন করে তার স্ত্রী ও ভাইপো। স্বামী তাদের সম্পর্কের কথা জেনে ফেলায় তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়। খুনের পর দেহটি দশ মাস ধরে বাড়ির উঠোনে পুঁতে রাখা হয়েছিল। অবশেষে পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করেছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
দশ মাস আগে শিববীর সিং (৫০) নামের ওই ব্যক্তি হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার মা, সাবিত্রী দেবী, বারবার চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। একপর্যায়ে তার সন্দেহ হলে গত ১৯ আগস্ট তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ শিববীরের স্ত্রী লক্ষ্মী এবং ভাইপো অমিত সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দুজনেই তাদের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে এবং জানায় যে, তারা দুজনে মিলেই শিববীরকে খুন করেছে।
পুলিশি জেরায় অভিযুক্তরা জানায় যে, তারা প্রথমে শিববীরকে মাদক মেশানো চা খাইয়ে অজ্ঞান করে। এরপর অমিত কুড়ুল দিয়ে তাকে কুপিয়ে খুন করে। শিববীরের মৃত্যু নিশ্চিত করতে লক্ষ্মীও ভারী বস্তু দিয়ে আঘাত করে। এরপর তারা মৃতদেহটি বাড়ির পিছনের জমিতে পুঁতে দেয়।
দশ মাস পর পুলিশ সেই জায়গা খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশাপাশি একটি লকেট পাওয়া যায়, যা শিববীরের বলে তার পরিবার শনাক্ত করেছে। স্থানীয়রা জানায়, শিববীর তার স্ত্রী ও ভাইপোর সম্পর্কের কথা জেনেছিলেন, যার কারণে প্রায়ই সংসারে অশান্তি হতো। পুলিশের তদন্তে লক্ষ্মীর ফোনের কল রেকর্ড থেকে অমিতের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।