বিপর্যয়ের মুখে নেপাল, ‘কোশী প্রদেশে একটানা বৃষ্টিতে ধস, বন্ধ একাধিক রাস্তা; চরম সতর্কতা জারি

নেপালের পূর্বাঞ্চলে একটানা বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশের কোশী প্রদেশের ইলাম জেলায় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার রাত থেকে হওয়া ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে, যার মধ্যে ইলামের বেশ কয়েকটি স্থানে বাড়ি চাপা পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, ইলামের সূর্যোদয় পৌরসভা এবং অন্য কয়েকটি অঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য ছিলেন। একটানা বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নেপাল পুলিশ এবং সেনাবাহিনী দুর্গত এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কাজ কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং জেলা জুড়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। ভূমিধসের কারণে মেচি মহাসড়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।