বিনা লিখিত পরীক্ষায় সরকারি চিকিৎসক হওয়ার সুবর্ণ সুযোগ! আইটিবিপি-তে ২৮২ পদে বাম্পার নিয়োগ

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (আইটিবিপি) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (CAPF) ২৮২টি মেডিকেল অফিসার গ্রুপ ‘এ’ পদে নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই স্পেশাল ড্রাইভের মাধ্যমে দেশের শীর্ষ নিরাপত্তা বাহিনী—যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলসের জন্য যোগ্য ডাক্তার নিয়োগ করা হবে। দেশের সেবা করার পাশাপাশি সুরক্ষিত সরকারি চাকরির স্বপ্নপূরণের এটি একটি দুর্দান্ত সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৮২টি শূন্যপদের মধ্যে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের জন্য ৫টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের জন্য ১৬২টি এবং সাধারণ মেডিকেল অফিসারের জন্য ১১৫টি পদ সংরক্ষিত রয়েছে। আগামী ১০ আগস্ট, ২০২৬ থেকে শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া, যা চলবে ৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত। পোর্টালের প্রযুক্তিগত সমস্যা এড়াতে প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেডিকেল অফিসার পদের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি এবং ইন্টার্নশিপ থাকা বাধ্যতামূলক। স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, ডিপ্লোমা কিংবা ডিএম/এম.সিএইচ ডিগ্রি থাকতে হবে। সকল প্রার্থীর ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) বা রাজ্য মেডিকেল কাউন্সিলে বৈধ্য রেজিস্ট্রেশন থাকা আবশ্যক। চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নন।
বয়সসীমার ক্ষেত্রে মেডিকেল অফিসার পদের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং স্পেশালিস্ট পদের জন্য ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র নথি যাচাই, ইন্টারভিউ, শারীরিক মাপজোখ এবং সেনাবাহিনীর কঠোর মেডিকেল টেস্টের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।