“বিদেশে পালালেও রেহাই নেই!”-গায়ক বি প্রাককে বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি

বলিউড এবং পঞ্জাবি সঙ্গীত জগতের জনপ্রিয় গায়ক বি প্রাককে প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু খুনের হুমকিই নয়, গায়কের কাছ থেকে ১০ কোটি টাকা তোলা দাবি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই মোহালি পুলিশ তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ৫ জানুয়ারি। বি প্রাকের ঘনিষ্ঠ পঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন আসতে শুরু করে। প্রথমে ফোন না ধরলেও, ৬ জানুয়ারি একটি বিদেশি নম্বর থেকে ফোন এলে দিলনূর তা রিসিভ করেন। ফোনের ওপারের কণ্ঠস্বর সন্দেহজনক মনে হওয়ায় তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর কিছুক্ষণ পরেই তাঁর কাছে একটি ভয়েস মেসেজ আসে। সেখানে নিজেকে ‘আরজু বিষ্ণোই’ পরিচয় দিয়ে এক ব্যক্তি হুমকি দেয়, “এই বার্তা বি প্রাককে পৌঁছে দাও। আমাদের ১০ কোটি টাকা চাই। তোমাদের হাতে মাত্র এক সপ্তাহ সময় আছে। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, দাবি পূরণ না হলে বি প্রাককে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে।”
এই অডিও বার্তা পাওয়ার পরেই ৬ জানুয়ারি মোহালির এসএসপি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দিলনূর। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এমন সক্রিয়তা নতুন বছরের শুরুতেই পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দিল্লির রোহিনী এবং পশ্চিম বিহার এলাকায় ব্যবসায়ীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার নেপথ্যেও এই গ্যাংয়ের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বি প্রাকের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক কলটির উৎস সন্ধানে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।