বিজেপির ‘পাল্টা’ চলচ্চিত্র উৎসব, ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানো নিয়ে তুঙ্গে জল্পনা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা হিসেবে এবার রাজ্যে সমান্তরাল চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই উৎসবে দেশ-বিদেশের পাশাপাশি আঞ্চলিক ও বাংলা সিনেমাও দেখানো হবে, তবে মূল আকর্ষণ হতে পারে বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’।

কেন এই উদ্যোগ?

রাজ্য বিজেপি এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলে মনে করছেন অনেকে। অভিযোগ উঠেছে, বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার জন্যই এই সমান্তরাল উৎসবের আয়োজন করা হচ্ছে। অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, “এরা আমাদের অন্যায় বা ভুলগুলোকে মেনে নেয় না। এরকম করতে গেলে তো অর্ধেক পশ্চিমবঙ্গবাসী বাদ হয়ে যাচ্ছে। সেই উইন্ডোটা খুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ।”

উৎসবে কারা থাকছেন?

জানা গেছে, এই চলচ্চিত্র উৎসবের দায়িত্বে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসবের জন্য শহরের একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে এবং এতে জাতীয় ও আন্তর্জাতিক মানের বহু অভিনেতা ও পরিচালক উপস্থিত থাকবেন।

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং রাজ্যে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কৌশলও বটে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হবে বলেও মনে করা হচ্ছে। এখন দেখার, এই ‘পাল্টা’ উৎসব কলকাতায় কতটা সাড়া ফেলতে পারে।