“১ কোটি টাকার কলসি চুরি!”- লালকেল্লার জৈন অনুষ্ঠান থেকে পুরোহিতের ছদ্মবেশে পালাল চোর

ভারতের ঐতিহাসিক লালকেল্লার প্রাঙ্গণ থেকে ১ কোটি টাকা মূল্যের একটি সোনার কলসি চুরি হয়ে গেছে। জৈন ধর্মীয় একটি আচার-অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে এবং দ্রুত তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
জানা গেছে, লালকেল্লার ১৫ নম্বর গেটে অবস্থিত একটি পার্কে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। সেখানেই আচার-অনুষ্ঠানের জন্য রাখা ছিল বহুমূল্য কলসিটি।
কীভাবে ঘটল চুরি?
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি পুরোহিতের ছদ্মবেশে মণ্ডপে প্রবেশ করে। এরপর সে একটি ব্যাগের মধ্যে কলসিটি নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া কলসিটির ওজন প্রায় ৭৬০ গ্রাম সোনা এবং এতে ১৫০ গ্রাম হীরা, রুবি এবং পান্না বসানো ছিল। এর বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনা লালকেল্লার মতো একটি সুরক্ষিত স্থানে নিরাপত্তার ফাঁক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।