‘বিজয়’ রুখতে বিধায়ক পাচার পন্ডিচেরিতে, ম্যাজিক ফিগার নিয়ে মাঝরাস্তায় দাবার চাল?

দক্ষিণের আকাশে ঘনিয়ে এল গভীর রাজনৈতিক মেঘ। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার গঠন নিয়ে টানাপড়েন এবার পৌঁছে গেল ‘রিসর্ট রাজনীতিতে’। দল ভাঙানোর আশঙ্কায় এবং সরকার গড়ার ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে মরিয়া দলগুলো এখন তাদের বিধায়কদের পাহারায় ব্যস্ত। প্রতিবেশী পুদুচেরি থেকে মামাল্লাপুরম— বিলাসবহুল রিসর্টগুলো এখন রাজ্যের ক্ষমতার অলিন্দ হয়ে উঠেছে।

একের পর এক রিসর্টে পাচার বিধায়করা AIADMK-র অন্দরে ভাঙন এবং কোন্দলের খবরের মাঝেই বুধবার রাতে চাঞ্চল্যকর পদক্ষেপ নিয়েছেন ই পি পালানিস্বামী। দলের প্রবীণ নেতা সি ভি শানমুগাম পুদুচেরির জনপ্রিয় হোটেল ‘দ্য শোর ত্রিশ্বম’-এ ২০টিরও বেশি ঘর বুক করেছেন। সূত্র মারফত খবর, সেখানে প্রাক্তন মন্ত্রী কারুপনান থেকে শুরু করে অভিনেতা জয়সুধা— মোট ২৫ জনেরও বেশি বিধায়ককে একপ্রকার নজরবন্দী করে রাখা হয়েছে। অন্যদিকে, পিছিয়ে নেই সুপারস্টার বিজয়ের দল ‘টিভিকে’ (TVK)-ও। নিজেদের ঘর সামলাতে তারা বিধায়কদের সরিয়ে নিয়েছে মামাল্লাপুরমের একটি গোপন রিসোর্টে।

বিজয় বনাম জোটের অঙ্ক: ম্যাজিক ফিগার কার দখলে? অভিনেতা বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১৮ থেকে এখনও ১০ ধাপ দূরে। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন মিলিয়েও বিজয়ের পাল্লায় বর্তমানে ১১২টি ভোট। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১১৮ জনের সমর্থনের প্রমাণ ছাড়া সরকার গড়া অসম্ভব। এমন অবস্থায় বাম দলগুলোর শুক্রবারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে তামিল রাজনীতি।

শত্রুই কি এখন মিত্র? DMK-AIADMK গোপন বৈঠক! সবচেয়ে বড় চমক দেখা দিয়েছে রাজ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে (DMK) এবং এআইএডিএমকে (AIADMK)-র গোপন আলোচনায়। ৫৯টি আসন পাওয়া ডিএমকে কি বিজয়ের বিজয়-রথ রুখতে ৪৭ আসন পাওয়া এআইএডিএমকে-র সঙ্গে হাত মেলাবে? যদিও এই জোট অত্যন্ত অস্বাভাবিক, তবুও ক্ষমতার প্রয়োজনে চেন্নাইয়ের বাতাসে এখন জোটের সুবাস।

ছোট দলগুলোর হাতে চাবিকাঠি বাম দলগুলো সরকার গড়তে বিজয়কে সমর্থন করবে কি না, তা জানা যাবে শুক্রবার। অন্যদিকে, ডিএমকে-র বন্ধু দল ভিসিকে (VCK) বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক বাতিল করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পর্দার আড়ালে ঘোড়া কেনাবেচার ভয় যে কতটা তীব্র, তা বিধায়কদের রিসর্টে রাখার ঘটনা থেকেই স্পষ্ট।

সব মিলিয়ে তামিলনাড়ুর মসনদে কে বসবেন— অভিনেতা বিজয় না কি স্ট্যালিনের ছকই শেষ পর্যন্ত কার্যকর হবে, তা নিয়ে এখন গোটা দেশের নজর দাক্ষিণাত্যের দিকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy