বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ

খ্যাতনামা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব, তার ছেলে অনাস হাবিব এবং আরও তিনজনের বিরুদ্ধে ১৫০ জনেরও বেশি বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের সাম্ভাল জেলা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, তারা ফলিকল গ্লোবাল কোম্পানি (FLC)-এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে উচ্চ লাভের লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

কীভাবে প্রতারণা করা হয়েছিল?
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা বিটকয়েন এবং বাইনার্স কয়েনে বিনিয়োগের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ লাভের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাম্ভালের একটি ব্যাংকুয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই প্রতিশ্রুতি দেন। কিন্তু যখন বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত চান, তখন কোম্পানিটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং অভিযুক্তরা পালিয়ে যান।

সাম্ভাল এসপি কে কে বিশ্নোই জানান, একদল বিনিয়োগকারী তাদের কাছে এসে অভিযোগ করেছেন যে তারা জাভেদ হাবিব এবং তার সহযোগীদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন। তদন্তে জানা গেছে, ২০২৩ সালে এই ঘটনা ঘটেছিল, যখন হাবিবরা সাম্ভালে একটি প্রোগ্রাম আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত অনেকেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন।

এই প্রতারণার ঘটনায় গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সাম্ভাল এসপি অতিরিক্ত এসপি আলোক ভাটিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। পুলিশ জানিয়েছে, যেহেতু এটি একটি উচ্চ-প্রোফাইল মামলা, তাই দ্রুত তদন্ত করা হচ্ছে।