বাড়িতে ভাত বেঁচে যাওয়া খুবই সাধারণ বিষয়। আর বাসি ভাত খাওয়ার অনীহা তো আমাদের অনেকেরই থাকে। তবে এই বাসি ভাতই হতে পারে আপনার দুপুরের বা বিকেলের সেরা মুখরোচক নাস্তা। ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন মুচমুচে ও সুস্বাদু পাকোড়া। পরিবারের সবাই আপনার হাতের এই নতুন স্বাদের নাস্তা খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে।
এই পদটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে ২ কাপ ভাত, ১টি ডিম, ২ টেবিল চামচ বেসন, ১টি পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচা মরিচ ও লবণ, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি এবং সামান্য হলুদের গুঁড়া। ভাজার জন্য প্রয়োজন পরিমাণমতো সয়াবিন তেল।
প্রস্তুত প্রণালী অত্যন্ত সহজ। প্রথমে একটি বড় পাত্রে ভাত, ডিম ও বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন। মিশ্রণটি যেন খুব বেশি নরম না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এবার কড়াইতে তেল হালকা গরম করুন। তেল খুব বেশি উত্তপ্ত করবেন না, কারণ এতে পাকোড়া বাইরে থেকে পুড়ে যেতে পারে। মিশ্রণ থেকে ছোট ছোট গোল পাকোড়ার আকৃতি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলে নিন। গরম গরম পাকোড়া টমেটো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন। বাসি ভাতের এই রূপান্তর যেমন সাশ্রয়ী, তেমনই দারুণ সুস্বাদু।





