বাসি বিয়ের আগে ‘পার্লার’-এর নাম করে উধাও নববধূ! স্তম্ভিত দুই পরিবার, মাথায় হাত পাত্রের

বিয়ের আনন্দ শেষ হওয়ার আগেই আলিপুরদুয়ারে ঘটল এক অভাবনীয় ঘটনা। বাসি বিয়ের দিন পার্লারে সাজতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক নববধূ। এই ঘটনায় হতবাক পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ উভয়ই। আলিপুরদুয়ারের শামুকতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সরকারি চাকরিজীবী এক যুবকের সঙ্গে যশোডাঙার বিশ্বাসপাড়ার ওই তরুণীর বিয়ে হয়। শুক্রবার ছিল বাসি বিয়ের অনুষ্ঠান। সেই উপলক্ষে দুপুর আড়াইটা নাগাদ নিজের ভাইকে সঙ্গে নিয়ে পার্লারে সাজতে যান নববধূ। কিন্তু পার্লার থেকে আর তিনি ফেরেননি।
পাত্রপক্ষের দাবি, বৌভাতের জন্য বড় প্যান্ডেল করা হয়েছিল এবং প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে। পুত্রবধূ নিখোঁজ হয়ে যাওয়ায় তারা দিশেহারা। পাত্রের বাবা বলেন, “অনেকে বলছেন ও নিজেই পালিয়ে গেছে। আমরা টাকা অপচয় নিয়ে ভাবছি না। সামাজিক লজ্জায় মাথা হেঁট হয়েছে। অমত থাকলে আগে বললেই হতো।” তিনি নববধূর সুস্থতা কামনা করেছেন।
শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে জানিয়েছেন, নিখোঁজ তরুণীর সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।