দক্ষিণ কলকাতার ত্রাস হিসেবে পরিচিত ‘বাহুবলী’ বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সাম্রাজ্যে হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বালিগঞ্জসহ শহরের ১০টি জায়গায় তল্লাশি চালিয়ে সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়ি থেকে প্রায় ৩০০ পাতার জমির দলিল উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও একটি বিলাসবহুল ফরচুনার গাড়ি। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ইডি সূত্রে খবর, বেহালায় ‘সান এন্টারপ্রাইজ’-এর এমডি-র বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই সোনা পাপ্পুর নিয়মিত লেনদেনের যোগসূত্র মিলেছে। তদন্তকারীদের দাবি, নির্মাণ কাজের নাম করে প্রোমোটারদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তোলাবাজি করত সোনা পাপ্পু। সেই টাকার বড় অংশ পৌঁছে দেওয়া হত প্রভাবশালীদের কাছে। অন্যের নামে থাকা প্রচুর সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে তল্লাশিতে।
সোনা পাপ্পুর বিরুদ্ধে ১৫টি এফআইআর থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছে ইডি। গত ফেব্রুয়ারি মাসে কাঁকুলিয়া রোডে বোমা-গুলি ও তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল এই সোনা পাপ্পুর। তল্লাশির সময় সে বাড়িতে ছিল না, বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। হায়দরাবাদে আইপ্যাক (IPAC) অফিসেও এই সংক্রান্ত তদন্তে তল্লাশি চালিয়েছে ইডি।





